মুকুট রঞ্জন দাস, তাড়াইল,কিশোরগঞ্জ | সোমবার, ১৫ জুন ২০২৬ | প্রিন্ট | ৮৭ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের তাড়াইলে গ্রামীণ জনগণের মাঝে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ ভিডিও প্রদর্শনী (ভিডিও শো) অনুষ্ঠিত হয়েছে। “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৫ জুন) উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দরনগর জামতলা বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে সচেতনতামূলক এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য চান মিয়া এবং ধলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাফিক মিয়া। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শিক্ষক, কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রকল্পের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের তাড়াইল উপজেলা কো-অর্ডিনেটর মো. হাবিবুর রহমান ভুঞা।
উল্লেখ্য,ইউরোপীয় ইউনিয়ন (EU) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর যৌথ অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে।
ভিডিও প্রদর্শনীর মাধ্যমে উপস্থিত জনসাধারণকে গ্রাম আদালতের কার্যক্রম, বিচার প্রক্রিয়া, এক্তিয়ার এবং এর বিভিন্ন সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। বক্তারা বলেন, গ্রামীণ এলাকার ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ ইউনিয়ন পরিষদের মাধ্যমে দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তি করা সম্ভব। এতে সাধারণ মানুষের সময় ও অর্থ উভয়েরই সাশ্রয় হয় এবং আদালতের ওপর চাপও কমে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে মানুষ সহজেই নিজ এলাকায় ন্যায়বিচার পাওয়ার সুযোগ সম্পর্কে জানতে পারবে এবং আইনি জটিলতা ও দীর্ঘসূত্রতা এড়িয়ে দ্রুত বিরোধ নিষ্পত্তিতে উৎসাহিত হবে। সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার দাবি জানান তারা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com