উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল: | রবিবার, ০৭ জুন ২০২৬ | প্রিন্ট | ৩৭ বার পঠিত | পড়ুন মিনিটে
নড়াইলে বজ্রপাতে দুই জন নিহত ও যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০ নড়াইলের লোহাগড়া উপজেলায় মাঠে গরুকে পানি খাওয়াতে গিয়ে বজ্রপাতে টিটুল খান (৪৫) নামে একজন কৃষক এবং বিলে মাছ ধরতে গিয়ে বাবুল বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,শনিবার (৬ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের শালনগর গ্রামে এবং একই উপজেলার নলদী ইউনিয়নের মতিনগর গ্রামে এ বজ্রপাতে ঘটনা ঘটে।
নিহত মো. টিটুল খান উপজেলার শালনগর গ্রামের মতিয়ার খানের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন। অপর নিহত বাবুল বিশ্বাস নলদী ইউনিয়নের মতিনগর গ্রামের বিল্লাল বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শালনগর গ্রামের কৃষক টিটুল খান বাড়ির অদূরে মাঠে থাকা গরুকে পানি খাওয়াতে যান। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই কৃষক টিটুল খান মারা যান। অপর দিকে একই সময়ে উপজেলার নলদী ইউনিয়নের মতিনগর গ্রামের বাবুল বিশ্বাস ও শহিদ স্থানীয় ইছামতি বিলে মাছ ধরতে যান। মাছ ধরা অবস্থায় হঠাৎ বজ্রপাতে বাবুল গুরুতর আহত হন। এ সময় তার সঙ্গে থাকা শহীদ স্থানীয়দের জানালে আহত বাবুলকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দ্বায়িত্বরত চিকিৎসক বাবুল বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় মুঠোফোনে বলেন, পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যুর বিষয়টি অবগত হয়েছি।
অপরদিকে নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০ নড়াইল সদর উপজেলায় মহাসড়কে যাত্রীবাহী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে শিশু, নারী ও পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
শনিবার (৬ জুন) রাত ৮টার দিকে সদর উপজেলার নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে নড়াইল-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, যশোর থেকে যাত্রী নিয়ে একটি লোকাল বাস নড়াইলের উদ্দেশে আসছিল। বাসটি নড়াইল নতুন বাস টার্মিনাল সংলগ্ন নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনের মহাসড়কে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে উল্টে যায়। এতে বাসে থাকা শিশু, নারী ও পুরুষসহ অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নড়াইল সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হুমায়ুন কবির বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com