সিনিয়র রিপোর্টার :আব্দুস সালাম মোল্লা। | সোমবার, ০৮ জুন ২০২৬ | প্রিন্ট | ৩০ বার পঠিত | পড়ুন মিনিটে
ফরিদপুরে কৃষিখাতে সার সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এর একটি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার (৮ জুন) দুপুরে শহরতলীর সিএন্ডবি ঘাট এলাকায় এ গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বিসিআইসির বাস্তবায়নে সারাদেশে নির্মাণাধীন ৩৪টি বাফার গুদাম প্রকল্পের অংশ হিসেবে ফরিদপুরে এ গুদাম নির্মাণ করা হচ্ছে। প্রায় ১০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার গুদামটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪৮ কোটিরও বেশি টাকা।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি চৌধুরী নায়াব ইউসুফ বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে সার সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত জরুরি। আধুনিক এই বাফার গুদাম নির্মাণের ফলে কৃষকরা সময়মতো সার পাবেন এবং সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও দক্ষতা আরও বৃদ্ধি পাবে।
তিনি বলেন, সার ব্যবস্থাপনার আধুনিকায়নে সরকারের নেওয়া উদ্যোগগুলোর মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। সারাদেশে ৩৪টি বাফার গুদাম নির্মাণ সম্পন্ন হলে কৃষিখাতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং কৃষকদের প্রয়োজনীয় সার সরবরাহ নিশ্চিত করা সহজ হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম বাচ্চু, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক রেজাউল বিশ্বাস তরুণ, রেজাউল ইসলামসহ বিসিআইসির ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের সঙ্গে নিয়ে এমপি চৌধুরী নায়াব ইউসুফ আনুষ্ঠানিকভাবে গুদামটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে ফরিদপুর অঞ্চলে সার সংরক্ষণ ও বিতরণ কার্যক্রম আরও গতিশীল হবে এবং কৃষকদের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com