আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ | রবিবার, ৩১ মে ২০২৬ | প্রিন্ট | ৩১ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে রিক্তা খাতুন (২৭) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় নিহতের স্বামীসহ বাসের আরও ১২ জন যাত্রী আহত হয়েছেন।
রোববার (৩১ মে) সকাল ৭টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঠুটিয়াপাকুড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিক্তা খাতুন গাইবান্ধা সদর উপজেলার সাহার বাজার এলাকার আইজল হকের স্ত্রী। দুর্ঘটনায় তার স্বামী আইজল হকও আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ‘নিউ সাফা পরিবহন’র যাত্রীবাহী বাসটি গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথে ঠুটিয়াপাকুড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি দ্রুত গতিতে সড়কের পাশে খাদে ছিটকে পড়ে। এ সময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রিক্তা খাতুনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত যাত্রীরা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার কারণেই এই হতাহতের ঘটনা ঘটেছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বাসচালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এদিকে স্থানীয়রা জানান, গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে প্রায়ই সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে। এই সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন তারা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com