শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : | শুক্রবার, ০৫ জুন ২০২৬ | প্রিন্ট | ২৫ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা (দক্ষিণ) ইউনিয়নের নারুই বাজারে মাদক বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রাম্য সালিশের নামে প্রকাশ্যে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ জুন) সংঘটিত এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, অভি মিয়া (৪০) নামে ওই ব্যক্তিকে মাদক বিক্রির অভিযোগে স্থানীয় কয়েকজন আটক করেন।
পরে নারুই বাজারে তার হাত-পা বেঁধে লাঠি দিয়ে পায়ের তালুতে আঘাত করা হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নির্যাতনের সময় তিনি চিৎকার করে কাঁদছেন। এ সময় আশপাশে থাকা অনেকেই ঘটনাটি দাঁড়িয়ে দেখেন এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন।ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একপক্ষের দাবি, এলাকায় মাদকের বিস্তার ও প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা এমন পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে অনেকেই বলছেন, কোনো ব্যক্তি অপরাধে জড়িত থাকলেও তাকে প্রকাশ্যে নির্যাতন করার অধিকার কারও নেই; আইনের মাধ্যমে বিচার হওয়াই উচিত নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, “মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের দুর্বলতার কারণেই সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে আইন নিজের হাতে তুলে নিচ্ছে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে মানিক হায়দার নামে একজন লিখেছেন, “কেউ অপরাধী হলেই তাকে প্রকাশ্যে নির্যাতন করা যাবে না। এটি আইনের শাসনের পরিপন্থী। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত।”এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম চৌধুরী বলেন, “ফেসবুকের মাধ্যমে ঘটনাটি জানার পরপরই সেখানে একজন এসআইকে পাঠানো হয়েছে। ভিকটিমকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের থানায় নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ ফিরে আসার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, “মাদক বিক্রেতা হোক বা অন্য যে কেউ, কোনো ব্যক্তিকে এভাবে হাত-পা বেঁধে প্রকাশ্যে নির্যাতন করা অত্যন্ত নিন্দনীয় ও বেআইনি কাজ।”অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com