আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ | শনিবার, ০৬ জুন ২০২৬ | প্রিন্ট | ২৭ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধায় অভিনব কায়দায় সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— গাইবান্ধা সদর উপজেলার মো. দাইয়ান শহীদ দীপ সরকার এবং গোবিন্দগঞ্জ উপজেলার মো. সোহানুর রহমান শান্ত। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এই প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা সেজে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও উপবৃত্তির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে আসছিল। এর আগে যৌথ বাহিনী ও পুলিশ গোবিন্দগঞ্জের উত্তর সিংগা গ্রামে অভিযান চালিয়ে চক্রটির আস্তানা থেকে বিপুল পরিমাণ মোবাইল ফোন, সিমকার্ড, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, সিসিটিভি ক্যামেরা ও হার্ডডিস্ক জব্দ করে। সেই অভিযানে আশরাফুল ইসলাম নামে এক প্রতারক আটক হলেও কয়েকজন পালিয়ে যায়। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং এ ঘটনার তদন্ত চলমান রয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com