মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ | মঙ্গলবার, ১৯ মে ২০২৬ | প্রিন্ট | ২৬ বার পঠিত | পড়ুন মিনিটে
‘সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের মনিরামপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা সপ্তাহ ও ভূমি সেবা মেলা-২০২৬’। উপজেলা ভূমি অফিসের উদ্যোগে মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সেবামূলক কার্যক্রম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেনের সভাপতিত্বে এবং বাপন হালদারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহির দায়ান আমিন।
এ সময় বক্তব্য রাখেন মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু সাঈদ,
উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. মফিজুর রহমান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. মাহির দায়ান আমিন বলেন, “ভূমি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। আধুনিক প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতেই এ আয়োজন। এখন অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-পর্চা সংগ্রহসহ বিভিন্ন সেবা সহজেই পাওয়া যাচ্ছে। এতে জনগণের সময় ও ভোগান্তি দুটোই কমছে।”
তিনি আরও বলেন, “মেলার মাধ্যমে সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত ডিজিটাল সেবা সম্পর্কে সচেতন করা হচ্ছে। একই সঙ্গে গণশুনানি ও সরাসরি পরামর্শের মাধ্যমে দীর্ঘদিনের অনেক জটিল সমস্যারও সমাধান দেওয়া হচ্ছে।”
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেন, “স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমি ব্যবস্থাপনার ডিজিটাল রূপান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। একসময় ভূমি অফিস মানেই ছিল মানুষের হয়রানির জায়গা; এখন প্রযুক্তির কল্যাণে সেই ধারণা বদলে যাচ্ছে। জনগণ যাতে স্বচ্ছ, দ্রুত ও দুর্নীতিমুক্ত সেবা পায়, সরকার সে লক্ষ্যেই কাজ করছে।”
সভাপতির বক্তব্যে ইউএনও মো. সম্রাট হোসেন বলেন, “ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা এখন সময়ের দাবি। নাগরিকদের সেবা সহজ ও হয়রানিমুক্ত করতে সরকার ধারাবাহিকভাবে অনলাইনভিত্তিক কার্যক্রম সম্প্রসারণ করছে। এই মেলার মাধ্যমে মানুষ সরাসরি সেবা গ্রহণের পাশাপাশি ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সচেতন হওয়ার সুযোগ পাবেন।”
মেলায় আগত এক সেবাগ্রহীতা আব্দুল কাদের বলেন, “আগে একটি নামজারি করতে অনেকবার অফিসে আসতে হতো। এখন কর্মকর্তারা সরাসরি বুঝিয়ে দিচ্ছেন কীভাবে অনলাইনে আবেদন করতে হয়। এতে সাধারণ মানুষের অনেক উপকার হচ্ছে।”
সপ্তাহব্যাপী কর্মসূচির আওতায় অনলাইন নামজারি আবেদন গ্রহণ, ভূমি উন্নয়ন কর পরিশোধ, লিজমানি জমা, ই-পর্চা বিতরণসহ বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান করা হচ্ছে। এছাড়া ভূমি সংক্রান্ত সমস্যা সমাধানে গণশুনানি, সেমিনার, সচেতনতামূলক আলোচনা, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার আয়োজনও রাখা হয়েছে। নাগরিকদের দ্রুত ও নিরবচ্ছিন্ন সেবা দিতে মেলায় স্থাপন করা হয়েছে বিশেষ সেবা বুথ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com