শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ২৯ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের কোনাউর বিল এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে তিন ফসলি জমি থেকে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এভাবে নির্বিচারে বালু উত্তোলনের ফলে আশপাশের কৃষিজমি ভেঙে পড়ছে এবং পরিবেশের ওপর পড়ছে মারাত্মক নেতিবাচক প্রভাব।
অভিযোগ রয়েছে, ইউনিয়ন ভূমি অফিসের সংশ্লিষ্ট কিছু কর্মকর্তার সহায়তায় একটি প্রভাবশালী চক্র নিয়মিত এই কার্যক্রম চালিয়ে আসছে। তারা ড্রাম্পিং ড্রেজার মেশিন ব্যবহার করে প্রতিদিন রাতের আঁধারে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে ভরাট করছে। এসব বালু দিয়ে ঘরবাড়ি নির্মাণ, মার্কেট স্থাপন এবং ডোবা-নালা ভরাটের কাজ চলছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা আবু বক্কর মিয়া বলেন, “দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যবসায়ী এরশাদ মিয়া ও তার সহযোগীরা এই অবৈধ কাজ চালিয়ে যাচ্ছে। এলাকায় কেউ ভয়ে মুখ খুলতে সাহস পায় না।” তিনি আরও জানান, এতে করে উর্বর ফসলি জমি ধ্বংসের মুখে পড়েছে এবং কৃষকরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানান তিনি।
এ বিষয়ে কাইতলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
অন্যদিকে, অভিযুক্ত ড্রেজার ব্যবসায়ী এরশাদ মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনিও ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুরকে প্রয়োজনীয় তথ্য সহযোগিতা করার পরও আজও পর্যন্ত কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এছাড়াও তিনার সঙ্গেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।
এদিকে এলাকাবাসী দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ করে কৃষিজমি ও পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com