জবি প্রতিনিধি: | বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | ৫০ বার পঠিত | পড়ুন মিনিটে
দীর্ঘদিনের ছাত্র-শিক্ষকদের অবিরাম প্রতিবাদের ফলে আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এবং আশপাশের শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকা থেকে অবৈধ দোকানপাট, লেগুনা স্ট্যান্ড ও বাসস্ট্যান্ড অপসারণের অভিযান শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এই কাজে সহযোগিতা করেছে জবি ছাত্রদল।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জবি শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির পর আইনশৃঙ্খলা বাহিনী উচ্ছেদ কার্যক্রম শুরু করে। যাতে সূত্রাপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) সালাউদ্দিন উপস্থিত ছিলেন। জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের নেতৃত্বে ছাত্রদলের নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেন।
জবি এবং বাহাদুর শাহ পার্ক সংলগ্ন এলাকায় সকাল ১১টায় শুরু হয় প্রতিবাদ সমাবেশ । প্রতিবাদ সমাবেশে জবি ক্যাম্পাস সংলগ্নে গড়ে উঠা অবৈধ বাসস্ট্যান্ড ও যত্রতত্র গড়ে উঠা টং দোকান অপসারণের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও অত্র এলাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ঐক্যবদ্ধ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে। সমাবেশের পর আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে নামে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে জবি ক্যাম্পাসের প্রধান ফটক থেকে বাহাদুর শাহ পার্ক সংলগ্ন এলাকা পর্যন্ত ছড়িয়ে-ছিটিয়ে থাকা অবৈধ স্থাপনাগুলো অপসারণ করে জবি ছাত্রদলের নেতা কর্মীরা।
জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল অভিযানের মাঝে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন “আমাদের লড়াইয়ের ফল আজ সামনে এসেছে। এই অবৈধ দখলদারিত্ব শুধু যানজট সৃষ্টি করছে না, আমাদের নিরাপত্তা এবং শিক্ষামূলক পরিবেশকেও ধ্বংস করছে। প্রশাসনের সহযোগিতায় এই অভিযান সফল হয়েছে এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে, এই এলাকাকে একটি নিরাপদ, পরিষ্কার শিক্ষাকেন্দ্রিক স্থানে রূপান্তরিত করব। ভবিষ্যতে এমন কোনো অবৈধতা আর স্থান পাবে না।”
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com