চট্টগ্রাম প্রতিনিধি: | বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ৬৩ বার পঠিত | পড়ুন মিনিটে
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আবদুল্লাহ আল হারুন (৪৫) নামের এক সহকারী ভূমি কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তিনি গলায় ফাঁস দিয়ে আত্ম*হত্যা করেছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর ঘটনায় সন্দেহ প্রকাশ করে থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার চাতরী ইউনিয়নের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত হারুন চাতরী চৌমুহনী এলাকার বাসিন্দা। তিনি কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়ন ভূমি অফিসে সহকারী ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হারুনকে অচেতন অবস্থায় উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে পরিবারের সদস্যরা জানান, তিনি গলায় ফাঁস দিয়ে আত্ম*হত্যা করেছেন।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ মৃতের গলায় দাগ ও পরিবারের অসংলগ্ন বক্তব্য দেখে সন্দেহ প্রকাশ করে।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘দুপুর ১২টার দিকে মৃ*ত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। আমরা গলায় দাগ দেখতে পাই। কেউ বলছেন ঘুমন্ত অবস্থায় মারা গেছেন, কেউ বলছেন জানালার পাশে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। পরিবারের বক্তব্য অসংলগ্ন মনে হওয়ায় আমরা পুলিশকে জানাই।’
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
অন্যদিকে স্থানীয় কয়েকজন জানান, হারুন পারিবারিক নানা সমস্যায় ভুগছিলেন। গত এক বছর আগে তার ভাই মারা গেছেন। পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
তারা বলেন, পরিবারিক সমস্যা দীর্ঘদিনের। বিষয়টি তদন্ত করলে আসল কারণ বেরিয়ে আসবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com