ফরিদপুর জেলা প্রতিনিধি: | বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৭৫ বার পঠিত | পড়ুন মিনিটে
ফরিদপুর-৪ (চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গা) সংসদীয় আসনে বিএনপি ও ইসলামী জোটের বাইরে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে আলোচনায় উঠে আসেন স্থপতি মুজাহিদ বেগ। নির্বাচনী মাঠে শুরু থেকেই শক্ত অবস্থান নিয়ে ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করে আসছিলেন তিনি। স্থানীয় পর্যায়ে গুঞ্জন ছিল, আওয়ামী লীগের একটি বড় অংশের সমর্থনও তিনি পেতে পারেন।
গত ৩ জানুয়ারি দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মোল্যা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে স্থপতি মুজাহিদ বেগের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। এতে করে নির্বাচনী মাঠে অনিশ্চয়তা তৈরি হয় এবং তার সমর্থকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
তবে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে বুধবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপিল শুনানি শেষে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। ফলে ফরিদপুর-৪ আসনের নির্বাচনী প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
প্রার্থিতা ফিরে পাওয়ার প্রতিক্রিয়ায় মুজাহিদ বেগ বলেন,
“সত্য ও ন্যায়ের জয় হয়েছে। আমি শুরু থেকেই বিশ্বাস করতাম— আইনের প্রতি আস্থা রাখলে ন্যায়বিচার পাওয়া যায়। প্রার্থিতা ফিরে পাওয়ায় আমি যেমন আনন্দিত, তেমনি ফরিদপুর-৪ এর সাধারণ মানুষের মধ্যেও নতুন করে আশার সঞ্চার হয়েছে।”
তিনি আরও জানান, এখন থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা আরও জোরদার করা হবে এবং এলাকার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নে তিনি দৃঢ় প্রতিজ্ঞ।
স্থানীয়দের মতে, মুজাহিদ বেগের প্রার্থিতা বৈধ ঘোষণার ফলে ফরিদপুর-৪ আসনের নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও প্রাণবন্ত হয়ে উঠবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com