ষ্টাফ রিপোর্টার ফখরুল ইসলাম: | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ৪৯ বার পঠিত | পড়ুন মিনিটে
রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আকস্মিক পরিদর্শন করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। হজ ফ্লাইট শুরু হওয়াকে সামনে রেখে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে তিনি হঠাৎ ক্যাম্পে উপস্থিত হয়ে হজযাত্রীদের সার্বিক প্রস্তুতি ও সেবার মান সরেজমিনে পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে মন্ত্রী হজযাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের যাত্রা প্রস্তুতি, থাকা-খাওয়া, চিকিৎসা সেবা, নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি প্রতিটি বিষয় গভীরভাবে পর্যবেক্ষণ করে কোথাও কোনো ঘাটতি থাকলে তা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
এ সময় তিনি ক্যাম্পে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবী সংগঠনের টিম লিডারদের সঙ্গে মতবিনিময় করেন। হজযাত্রীদের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন,
“হজযাত্রীরা আল্লাহর বিশেষ মেহমান। তাদের সেবাকে শুধু দায়িত্ব হিসেবে নয়, বরং ইবাদতের অংশ হিসেবে নিতে হবে। কোনোভাবেই যেন তারা কষ্ট না পান, তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।”
তিনি আরও বলেন, হজযাত্রীরা যেন নির্বিঘ্ন, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে তাদের পবিত্র সফর সম্পন্ন করতে পারেন—এ বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। এজন্য সংশ্লিষ্ট সকল বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।
সংশ্লিষ্ট মহলের মতে, ধর্মমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন হজ ব্যবস্থাপনায় তদারকি জোরদার এবং সেবার মান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে, যা সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ও মানবিকভাবে কাজ করতে উদ্বুদ্ধ করবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com