মনিরুজ্জামান তুহিন, ইবি প্রতিনিধি | শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | ৮০ বার পঠিত | পড়ুন মিনিটে
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত’ শীর্ষক প্রকল্পের অগ্রগতি বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কমিটির ১১তম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকাল ১১ টায় ভিসি বাংলোর কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়। তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মোঃ রাজিবুল ইসলাম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এ.কে.এম শরীফ উদ্দীন, প্রকল্প পরিচালক ড. মোঃ নওয়াব আলী এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সিনিয়র সহকারী পরিচালক প্রকৌশলী মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়াও ভার্চুয়ালি যুক্ত থেকে সভায় অংশ নেন শিক্ষা মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও কমিশন এবং আইএমইডি-এর প্রতিনিধিগণ। বিজ্ঞপ্তিতে আরো বলা হয় “সভায় প্রকল্প সুষ্ঠু ও সুন্দরভাবে সমাপ্তির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন। তাঁরা বলেন, কাজের গুণগত মান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে। শিক্ষার্থীদের আবাসিক সংকট এবং একাডেমিক জায়গার অপ্রতুলতার কথা বিবেচনা করে পাঁচটি ছাত্র হল এবং একাডেমিক ও প্রশাসনিক ভবনের কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য সরকারের পক্ষ থেকে তাগিদ দেওয়া হয়।”
এরপর ইউজিসির প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যৌথভাবে প্রকল্পের বিভিন্ন সাইট সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিনিধিগণ প্রকল্পের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন (তৃতীয় পর্যায়)-১ম সংশোধিত শীর্ষক ৫৩৭ কোটি ৭ লক্ষ টাকার প্রকল্পের ৬৫ ভাগ কাজ ইতোমধ্যেই সমাপ্ত হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com