মোহাম্মাদ উল্লাহ সোহেল, ইউরোপ ব্যুরো প্রধান | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ৯৭ বার পঠিত | পড়ুন মিনিটে
ইতালির আকাশে আজ মুক্তির নতুন সূর্যোদয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান এবং বেনিতো মুসোলিনির ফ্যাসিস্ট শাসনের পতনের স্মরণে সারা দেশজুড়ে আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ‘জাতীয় মুক্তি দিবস’ বা ‘লিবারেশন ডে’ (Festa della Liberazione)। ১৯৪৫ সালের এই দিনে ইতালির প্রতিরোধ যোদ্ধারা (Partisans) এবং মিত্রবাহিনী নাৎসি দখলদারদের পরাজিত করে মিলান ও তুরিনসহ বড় বড় শহরগুলো শত্রুমুক্ত করেছিল।
ভেনিসে বর্ণাঢ্য আয়োজন
ইতালির অন্যতম পর্যটন নগরী ভেনিসে আজ শনিবার দিনটি স্মরণে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে সকাল থেকেই স্থানীয় জনতা ও প্রবাসী নাগরিকরা রাস্তায় নেমে আসেন।
সকালে ভেনিসের মেস্ত্রে (Mestre) রেলস্টেশনের সামনে থেকে একটি বিশাল বর্ণাঢ্য সমাবেশ শুরু হয়।
মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মেস্ত্রের মূল চত্বর বা ‘পিয়াচ্চা’তে (Piazza Ferretto) এসে শেষ হয়। ইতালীয় নাগরিকদের পাশাপাশি বিপুল সংখ্যক বাংলাদেশি অভিবাসী এবং বিভিন্ন দেশের নাগরিকরা এই সমাবেশে অংশ নেন। তাদের হাতে ছিল ইতালির জাতীয় পতাকা এবং মুক্তির গান।
ঐতিহাসিক তাৎপর্য
১৯৪৫ সালের ২৫শে এপ্রিল ইতালির ইতিহাসে একটি মাইলফলক। এই দিনেই মূলত ফ্যাসিবাদী একনায়কতন্ত্রের চূড়ান্ত পতন ঘটে এবং আধুনিক গণতান্ত্রিক ইতালির ভিত্তি স্থাপিত হয়। দিনটি উপলক্ষে রাজধানী রোমসহ প্রতিটি ছোট-বড় শহরে সরকারি ছুটি পালিত হচ্ছে এবং রাষ্ট্রীয়ভাবে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে।
ভেনিসের সমাবেশে অংশগ্রহণকারী প্রবাসীরা জানান, ইতালির এই বিশেষ দিনে শামিল হতে পেরে তারা গর্বিত। এটি কেবল ইতালির মুক্তি নয়, বরং বিশ্বজুড়ে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয়ের এক প্রতীকী দিন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com