ইবি প্রতিনিধি: | শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৫৯ বার পঠিত | পড়ুন মিনিটে
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিযোগিতাটির আয়োজন করে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’ (সিআরসি)। কর্মসূচিতে প্রায় অর্ধশতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে। তারা ভাষা আন্দোলনের বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে শহীদ মিনার, জাতীয় পতাকা, বাংলাদেশের মানচিত্রসহ নানা বিষয় নিয়ে চিত্রাঙ্কন করে।
এসময় সংগঠনটির সভাপতি নাজমুল হোসেন, সহ-সভাপতি হাছিবুর রহমান, সহ-সভাপতি মো. আনোয়ার হোসাইন, সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম, স্কুল পরিচালক তানভির আহমেদ, উপ-দফতর সম্পাদক রুবাইয়া হসেনসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
সহ-সভাপতি হাছিবুর রহমান বলেন, চিত্রাঙ্কনের মাধ্যমে শহীদ দিবসের ত্যাগ-তিতিক্ষা ও বাংলা ভাষার গুরুত্ব শিশুদের মাঝে ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। শুধু কথায় নয়, চিত্রের মাধ্যমেও নিজের অনুভূতি প্রকাশ করা যায়। দেশের অবহেলিত শিশুদের নিয়ে আমরা সামান্য কাজ করতে পারলেও ভবিষ্যতে তারাই দেশের নেতৃত্ব দেবে।
সভাপতি নাজমুল হোসেন বলেন, মহান এই দিনে এমন একটি আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত। শিশুদের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরা এবং তাদের শিল্পচর্চায় উদ্বুদ্ধ করতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com