মনিরুজ্জামান তুহিন, ইবি প্রতিনিধি: | বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ | প্রিন্ট | ১০৩ বার পঠিত | পড়ুন মিনিটে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রীকে বাস শ্রমিক কর্তৃক হেনস্তার ঘটনায় মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ বৈঠকে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বুধবার (১৬ জুলাই) ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৫ জুলাই কুষ্টিয়ার চৌড়হাস লোকাল বাস কাউন্টারে ইবির এক ছাত্রীকে হেনস্তার ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি এবং ছাত্রসংগঠনগুলোর সঙ্গে একটি ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনার ভিত্তিতে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন সর্বসম্মতিক্রমে কয়েকটি যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করে।
অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত বাস শ্রমিক আব্দুল আলিমকে চৌড়হাস কাউন্টারসহ কোনো বাসে কর্মরত থাকার সুযোগ থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে। তার শ্রমিক ইউনিয়নের সদস্যপদ বাতিল করা হয়েছে এবং কুষ্টিয়া কিংবা অন্য কোনো শ্রমিক ইউনিয়নে যেন সে সদস্যপদ না পায়, সে বিষয়ে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, ১৫ জুলাইয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে চৌড়হাস এলাকার সব কাউন্টার মাস্টার ও করম্যানদের নিয়ে আগামী ১৭ জুলাই ঝিনাইদহ মালিক সমিতির কার্যালয়ে একটি সিদ্ধান্তমূলক বৈঠকের আয়োজন করা হবে।
শিক্ষার্থীদের সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে কুষ্টিয়া ও ঝিনাইদহের চৌড়হাস মোড়ে ছাত্র-ছাত্রীদের সহায়তায় ‘হেল্পডেস্ক’ সম্বলিত বোর্ড স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, যেকোনো ছাত্র বা ছাত্রী বাস কাউন্টারে স্টুডেন্ট আইডি কার্ড প্রদর্শন করলে তাকে অবশ্যই হাফ ভাড়া দিতে হবে। বিশেষ করে ছাত্রীদের ক্ষেত্রে হাফ ভাড়ার টিকিট প্রদানের পাশাপাশি গাড়িতে বসার সুষ্ঠু ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। এই নির্দেশনা লোকাল ও দূরপাল্লার উভয় পরিবহনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
উল্লেখ্য, গত ১৫ জুলাই বাস শ্রমিক কর্তৃক ইবির এক ছাত্রী হেনস্তার ঘটনায় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পাঁচটি বাস আটক করে। পরবর্তীতে দ্রুত সমাধানের আশ্বাস ও পদক্ষেপের ভিত্তিতে শিক্ষার্থীরা বাসগুলো ছেড়ে দেয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com