ফরিদপুর জেলা প্রতিনিধি | বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৪৬৫ বার পঠিত | পড়ুন মিনিটে
কাজের সন্ধানে কম্বোডিয়ায় গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়ে নিহত হয়েছেন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার এক যুবক। নিহত যুবকের নাম সবুজ আহমেদ। তিনি চরভদ্রাসন উপজেলার গাজিটেক ইউনিয়নের নতুন দোকান এলাকার বাসিন্দা শেখ ইদ্রিসের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে প্রায় দুই বছর আগে সবুজ আহমেদ কম্বোডিয়ায় পাড়ি জমান। সেখানে কাজের বৈধ কাগজপত্র করে দেওয়ার আশ্বাসে তিনি এক দালালকে মোটা অঙ্কের টাকা দেন। তবে দীর্ঘ সময় পার হলেও কাগজপত্র না হওয়ায় দালালের সঙ্গে সবুজের কথাকাটাকাটি ও বিরোধ সৃষ্টি হয়।
একপর্যায়ে দালাল ও তার সহযোগীরা সবুজ আহমেদের ওপর হামলা চালায়। মারাত্মকভাবে আহত অবস্থায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তার সঙ্গে থাকা সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সবুজ আহমেদের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোকাহত পরিবার দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেছে।
উল্লেখ্য, নিহত সবুজের বাবা শেখ ইদ্রিস দীর্ঘ ২০ থেকে ২৫ বছর ধরে গাজিটেক ইউনিয়নের নতুন দোকান এলাকায় বসবাস করে আসলেও বর্তমানে তিনি তার শ্বশুরবাড়ি সাদীপুরে অবস্থান করছেন।
এ ঘটনায় প্রবাসে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা ও দালালচক্রের দৌরাত্ম্য নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী ও সচেতন মহল। তারা দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং বিদেশগামী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com