মোঃ রাহিজুল ইসলাম ,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধি | শনিবার, ২২ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | ২৫ বার পঠিত | পড়ুন মিনিটে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক ব্যবসা প্রতিরোধে সক্রিয় স্থানীয় যুবকদের ওপর সংঘবদ্ধ মাদক কারবারিদের প্রকাশ্য হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার পাথরডুবী ইউনিয়নের থানাঘাট বাজারে অগ্রযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় একদল মাদক ব্যবসায়ী যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। শুধু তাই নয়, তাদের কার্যক্রমে বাধা দিলে নানা ভয়ভীতি ও হুমকি দিয়ে দমন করার চেষ্টা করা হচ্ছে। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
বক্তারা সতর্ক করে বলেন, মাদক ব্যবসার বিরুদ্ধে অবস্থান নেওয়া কোনো যুবককে হুমকি দেওয়া হলে তার কঠোর জবাব দেওয়া হবে। মাদক কারবারিদের এখনই পথ পরিবর্তন না করলে আইনগত ব্যবস্থা ও জনতার কঠোর প্রতিরোধ—দুই দিক থেকেই জবাব পেতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূরুঙ্গামারা উপজেলা শাখার সাবেক সমন্বয়ক রুকনুজ্জামান, আঃ রাজ্জাক এবং সাংবাদিক আবু সুফিয়ান পারভেজ।
বক্তারা আরও বলেন, মাদক শুধু অপরাধ নয়—এটি সমাজ ধ্বংসের এক ভয়াবহ অস্ত্র। মাদকচক্রের হুমকির কাছে নতি স্বীকার করা যাবে না। সমাজ, পরিবার ও যুব সমাজের ভবিষ্যৎ সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিপুলসংখ্যক ছাত্র ও যুবক অংশগ্রহণ করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com