কেন্দুয়া নেত্রকোনা প্রতিনিধি : | শুক্রবার, ২৯ মে ২০২৬ | প্রিন্ট | ৩৮ বার পঠিত | পড়ুন মিনিটে
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় আয়োজিত ‘চন্দ্রকুমার দে বুক রিভিউ প্রতিযোগিতা ২০২৬’-এ অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা ১০ জনকে পুরস্কৃত করা হয়েছে।
শুক্রবার (২৯ মে) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন, আনন্দমোহন কলেজের ওয়াসিমুল বারী শাইক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খান শাহরিয়ার ফয়সাল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বুলবুল আহমেদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মো. দিলোয়ার হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মো. সোহেল রানা, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মো. তাহরিম কবির রিয়াদ, সরকারি তিতুমীর কলেজের মো. হাসান মিয়া, নেত্রকোনা সরকারি কলেজের মোহাম্মদ সুমন, কেন্দুয়া সরকারি কলেজের সিদরাতুল মুনতাহা শ্রেয়সী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হৃদয় কিশোর সৌরভ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিযোগিতার আয়োজক নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফসা আক্তার মোহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান সহকারী অধ্যাপক কবি সরোজ মোস্তফা। এছাড়াও সহ-আলোচক হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সাদ্দাম হুসাইন ও প্রথম আলোর নেত্রকোনা প্রতিনিধি পল্লব চক্রবর্তী।
অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও বই তুলে দেন অতিথিরা।
উল্লেখ্য, ‘ময়মনসিংহ গীতিকা’র অসংখ্য পালার সংগ্রাহক চন্দ্রকুমার দে শুধু একজন সংগ্রাহকই নন; তিনি ছিলেন প্রাবন্ধিক, গল্পকার ও কবি। ১৮৮৯ সালে কেন্দুয়া উপজেলার আইথর গ্রামে জন্ম নেওয়া এই গুণী ব্যক্তি ১৯৪৬ সালে মৃত্যুবরণ করেন।
চন্দ্রকুমার দে’র সাহিত্যকর্ম ও অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই স্থানীয় সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী ‘চন্দ্রকুমার দে বুক রিভিউ প্রতিযোগিতা ২০২৬’-এর আয়োজন করেন। প্রতিযোগিতায় প্রায় ১৫০ জন অংশগ্রহণকারী তাদের রিভিউ জমা দেন। সেখান থেকে সেরা ১০ জনকে বাছাই করে পুরস্কৃত করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com