শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি | সোমবার, ০১ জুন ২০২৬ | প্রিন্ট | ৪০ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা-এর রতনপুর ইউনিয়নের ভিটিবিশাড়া গ্রামের ওপর দিয়ে প্রবাহিত যমুনা খাল খননের নামে কৃষিজমি নষ্ট করে নিয়মবহির্ভূতভাবে মাটি বিক্রির অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী।
সোমবার (১ জুন) দুপুরে ভিটিবিশাড়া খননকৃত খালসংলগ্ন খলাঘাট ব্রিজে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কৃষক, জমির মালিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিল্লাল সরকার, সাইদুল ইসলাম ফটো, তুহিন সরকার, সজল সরকার, মো. আসাদুজ্জামান, আল আমিন, আবু মোসা, লতিফ হোসেনসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, এলাকার সীমিত আবাদি জমির ওপর নির্ভর করেই অধিকাংশ কৃষক জীবিকা নির্বাহ করেন। কিন্তু খাল খননের নামে স্থানীয় একটি প্রভাবশালী মহল নিয়মবহির্ভূতভাবে নির্বিচারে মাটি কাটছে। এর ফলে খালের দুই পাশের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অনেক স্থানে ঘরবাড়ি ও জমিতে ভাঙনের সৃষ্টি হয়েছে।
তারা বলেন, “খাল খনন হোক, আমরাও চাই। তবে সেটি হতে হবে নিয়মতান্ত্রিকভাবে, যাতে সাধারণ মানুষ উপকৃত হয়। খাল খননের নামে কৃষিজমি ধ্বংস ও মাটি বিক্রির অনিয়ম অবিলম্বে বন্ধ করতে হবে।”
এ সময় বক্তারা প্রকল্পের নকশা, ব্যয়ের হিসাব ও এস্টিমেট জনসম্মুখে প্রকাশ করে স্বচ্ছতার ভিত্তিতে কাজ পরিচালনার দাবি জানান। পাশাপাশি দ্রুত স্থানীয় সংসদ সদস্য আব্দুল মান্নান এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
স্থানীয় কৃষক লতিফ হোসেন বলেন, “৮ ফুট গভীরতায় খাল খননের কথা থাকলেও কোথাও কোথাও ২০ ফুট পর্যন্ত গভীর করে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। এতে কৃষিজমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষকদের শেষ সম্বল আবাদি জমিও রক্ষা পাচ্ছে না।”
অপর এক বাসিন্দা বিল্লাল হোসেন অভিযোগ করেন, খাল খনন কার্যক্রম শুরুর আগে স্থানীয় কৃষক ও জমির মালিকদের সঙ্গে কোনো ধরনের মতবিনিময় করা হয়নি। এছাড়া স্থানীয়রা বারবার প্রকল্পের নকশা ও এস্টিমেট দেখতে চাইলেও সংশ্লিষ্টরা তা দেখাতে রাজি হননি বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে নবীনগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা খালিদ বিন মনসুর বলেন, মানববন্ধনের বিষয়টি তার জানা নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
এলাকাবাসীর দাবি, দ্রুত প্রশাসনিক তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক এবং খাল খনন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হোক।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com