কিশোরগঞ্জ প্রতিনিধি: | শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ১১১ বার পঠিত | পড়ুন মিনিটে
নির্বাচনী হলফনামায় প্রকাশিত তথ্য অনুযায়ী বাসদ (মার্কসবাদী)-এর প্রার্থী আলাল মিয়ার বার্ষিক আয় তিন লাখ ২০ হাজার টাকা। তিনি ক্ষুদ্র ব্যবসা থেকে মাসিক প্রায় ২৫ হাজার টাকা আয় করে থাকেন। হলফনামায় উল্লেখ করা হয়েছে, তার কোনো বড় ব্যবসা প্রতিষ্ঠান কিংবা স্বর্ণালঙ্কার নেই। পৈতৃক সূত্রে প্রাপ্ত মাত্র ৫ শতাংশ জমিই তার একমাত্র স্থাবর সম্পদ।
নির্বাচনী ব্যয় মেটাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভোটার ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন। গণচাঁদার মাধ্যমেই নির্বাচনী ব্যয় নির্বাহ করার পরিকল্পনার কথা জানান আলাল মিয়া।ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে তিনি কখনো অটোরিকশা, আবার কখনো মোটরসাইকেল ব্যবহার করে বিভিন্ন এলাকায় প্রচারণা ও গণসংযোগ চালাচ্ছেন। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগকেই তিনি তার নির্বাচনী প্রচারণার প্রধান কৌশল হিসেবে দেখছেন।
এবারের নির্বাচনে আলাল মিয়া ভোটের মাঠে চমক দেখাতে পারেন বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক মহল। ইতোমধ্যে তাকে ঘিরে ‘গরীবের এমপি’ নামে প্রচারণা ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে, যা সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও আগ্রহ বাড়িয়েছে।
আলাল মিয়া এসময় জানান, তিনি শ্রমিক রাজনীতি থেকে উঠে বর্তমানে দলটির জেলা সমন্বয়ক এবং জোটের শীর্ষ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। তার রাজনৈতিক বয়স প্রায় তিন যুগ পার হয়েছে। তিনি বলেন, “বিগত দিনের গণআন্দোলনের শক্তিকে আরও বিকশিত করতে জনগণের হয়ে আমি মাঠে নেমেছি।”
তিনি আরও জানান, ইতোমধ্যে এ আসনের কয়েকজন প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন বলে তার কাছে তথ্য রয়েছে। এ বিষয়ে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। আলাল মিয়া বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রশাসন যেন সকল প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে। একই সঙ্গে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন দায়িত্ব পালনে কোনো ধরনের পক্ষপাতিত্ব না করা হয়।
তিনি আশা প্রকাশ করে বলেন, তার নির্বাচনী প্রতীক কাঁচিতে জনগণ ভোট দেবে। প্রতীক বরাদ্দের পর তিনি কিশোরগঞ্জের জনগণের জন্য একটি জনবান্ধব নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন।আলাল মিয়া জানান, এই ইশতেহার এমনভাবে প্রণয়ন করা হবে, যাতে বিগত ৫০ বছরের রাজনৈতিক রেকর্ড অতিক্রম করে সাধারণ মানুষের প্রকৃত দাবি ও প্রত্যাশার প্রতিফলন ঘটে।
তিনি আরও বলেন, এবারের নির্বাচনে ভোটাররা বিগত দিনের গণআন্দোলনের নেতৃত্ব দেওয়া একজন নেতাকেই বেছে নেবেন—এই প্রত্যাশা নিয়েই তিনি নির্বাচনী মাঠে রয়েছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com