আনোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার | বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | ৬৯ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধায় দুর্বৃত্তের হামলায় খোকা মিয়া (৪৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় দুলাল মাঝি (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে জেলার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ঝাঞ্জাই ডাকুমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গরু ব্যবসায়ী খোকা মিয়া ওই গ্রামের রশিদ সরকারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাতে হঠাৎ গুলির মতো এক বিকট শব্দ শুনতে পান এলাকাবাসী। কিছুক্ষণ পর তারা খোকা মিয়ার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ফুলছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের পরিবারের বরাতে জানা যায়, রাত চারটার দিকে চার-পাঁচজন লোক বাড়িতে এসে খোকা মিয়াকে ডেকে বলেন, “এখানে মাছ ধরা যাবে কি না।” তখন খোকা মিয়া ঘুম থেকে উঠে দরজার সামনে আসেন। ঠিক সেই মুহূর্তে তার স্ত্রী গুলির মতো বিকট শব্দ শুনতে পান।
দ্রুত বাইরে এসে তিনি দেখেন, খোকা মিয়া মাটিতে লুটিয়ে পড়েছেন। ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম বলেন, নিহত খোকা মিয়ার মাথায় ভারী কোনো বস্তুর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শক্ত কোনো বস্তু দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। তবে কোনো গুলিবর্ষণের ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে দুলাল মাঝি (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে। এদিকে হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com