আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | ৪৯ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধায় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় রিপন মিয়া (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ শ্রমিক। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের তুলসিঘাট পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন মিয়া বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মিজাপুর গ্রামের মাহাফুজার রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে ট্রাক দাঁড় করিয়ে শ্রমিকরা গাছের গুঁড়ি লোড করছিলেন। এ সময় গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকাগামী কাজী লাইনস পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও শ্রমিকদের ধাক্কা দেয়।
এ সময় ঘটনাস্থলেই রিপন নিহত হন এবং ৩ শ্রমিক গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com