এস এম নওশের চিকিৎসক কলামিস্ট বিশ্লেষক | শনিবার, ১৪ মার্চ ২০২৬ | প্রিন্ট | ৮১ বার পঠিত | পড়ুন মিনিটে
ইতিহাস নামের ভদ্রলোকটির সঙ্গে আমার পরিচয় আজকের নয়। ভদ্রলোকের স্বভাব অদ্ভুত। কখনো তিনি এমন ভদ্র হয়ে বসে থাকেন যে মনে হয় পৃথিবীতে আর কোনো ঝামেলা নেই। আবার কখনো এমন কাণ্ড করেন যে রাজা থেকে রিকশাওয়ালা—সবাই হাঁ করে তাকিয়ে থাকে।
এই কদিন ধরে মনে হচ্ছে ইতিহাস আবার একটু নড়েচড়ে বসেছেন।
মধ্যপ্রাচ্যের দিকে তাকালেই ব্যাপারটা বোঝা যায়। সেখানে যে শুধু কামান, বোমা আর রাজনীতি চলছে তা নয়—তার সঙ্গে আছে হাজার বছরের কাহিনি, ধর্মগ্রন্থের ভবিষ্যদ্বাণী, আর মানুষের সেই পুরনো অসুখ—পৃথিবীকে নিজের বিশ্বাস অনুযায়ী সাজিয়ে নেওয়ার প্রবল ইচ্ছে।
ইসরায়েলের রাজনীতির দিকে তাকালে দেখা যায়, কিছু লোক ইতিহাসকে একটু তাড়াহুড়া করিয়ে দিতে চান। তাদের ধারণা—যদি ভবিষ্যদ্বাণী সত্যি হয়, তবে নাটকের মঞ্চটা আগে থেকে সাজিয়ে রাখাই ভালো।
এই প্রসঙ্গে আজকাল প্রায়ই নাম শোনা যায়—
Benjamin Netanyahu।
ভদ্রলোককে দেখে মাঝে মাঝে মনে হয় তিনি প্রধানমন্ত্রী কম, ইতিহাসের এক বিশাল নাটকের মঞ্চব্যবস্থাপক বেশি। কেউ কেউ বলেন তিনি কেবল রাজনীতি করছেন। আবার কেউ কেউ চোখ টিপে বলেন—না, ভদ্রলোক ইতিহাসের একটা পুরনো স্ক্রিপ্ট পড়ছেন।
জেরুজালেম শহরটার কথাই ধরুন। পৃথিবীতে এমন জায়গা খুব কম আছে যাকে তিনটি ধর্ম একসাথে এতটা ভালোবাসে। ফলে সেখানে ভালোবাসার চেয়ে ঝগড়াটাই একটু বেশি হয়।
কেউ বলেন—এখানে আবার প্রাচীন মন্দির উঠবে।
কেউ বলেন—এখানেই শুরু হবে শেষ যুদ্ধ।
আর কেউ কেউ চুপ করে বলেন—মানুষের অহংকারের শেষ পাঠও বোধহয় এখানেই লেখা হবে।
ইসলামের হাদিসে বলা হয়েছে দাজ্জালের কথা—যে মানুষকে বিভ্রান্ত করবে।
খ্রিস্টানরা বলেন—শেষ যুদ্ধের নাম Armageddon।
ইহুদিদের অনেকেই অপেক্ষা করছেন মসিহের।
তিন ধর্ম, তিন গল্প—কিন্তু মঞ্চ একটাই।
মজার ব্যাপার কী জানেন?
পৃথিবীর ইতিহাসে প্রায় প্রতিটি যুগেই মানুষ ভেবেছে—এই বুঝি শেষ সময় এসে গেল।
মধ্যযুগে প্লেগ এলে ইউরোপে লোকজন ভাবল—এই তো কিয়ামত।
প্রথম মহাযুদ্ধের সময়ও তাই ভাবা হয়েছিল।
দ্বিতীয় মহাযুদ্ধের সময় তো মানুষ প্রায় নিশ্চিতই হয়ে গিয়েছিল।
কিন্তু পৃথিবী তবুও চলছে।
মানুষের একটা মজার স্বভাব আছে। সে যখনই একটু বেশি শক্তি পায়, তখনই ভাবে—এবার ইতিহাসকে নিজের মতো করে লিখে ফেলবে।
কিন্তু ইতিহাস ভদ্রলোক বড় দুষ্ট। তিনি মানুষের লেখা স্ক্রিপ্ট খুব একটা মানেন না।
আজ পৃথিবী আবার এক অদ্ভুত উত্তেজনার মধ্যে দাঁড়িয়ে আছে। বড় শক্তিগুলো মুখোমুখি। ধর্ম আবার রাজনীতির মঞ্চে ফিরে এসেছে। আর মানুষ আবার সেই পুরনো প্রশ্ন করছে—
“এ কি শেষ সময়?”
কিয়ামত কবে হবে—তা আল্লাহই জানেন।
কিন্তু একটা কথা নিশ্চিত।
মানুষ যখন মনে করে সে ঈশ্বরের হয়ে যুদ্ধ করছে—
তখন পৃথিবীটা একটু কিয়ামতের মহড়ার মতো দেখাতে শুরু করে।
*********************
ইতিহাস আজ ধোঁয়া টেনে
চুপ করে বসে রয়,
মানুষ নাকি শেষ যুদ্ধের
মঞ্চ বানাতে কয়।
কেউ বলে মসিহ আসিবে
কেউ দাজ্জালের নাম,
কেউ আবার ঈশ্বর বেচে
চালায় রাজনীতির দাম।
আকাশ শুধু চেয়ে থাকে
তারারা থাকে নীর—
মানুষ যত ঈশ্বর খোঁজে
তত বাড়ে অধীর।
হয়তো কিয়ামত আসেনি
হয়নি শেষের কাল—
মানুষই মাঝে মাঝে
পৃথিবী বানায় দাজ্জালের জাল।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com