চট্টগ্রাম প্রতিনিধি: | বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ | প্রিন্ট | ৭৪ বার পঠিত | পড়ুন মিনিটে
‘শিশু সাংবাদিকতা প্রশিক্ষণের উদ্বোধন করে দৈনিক যুগান্তর পত্রিকার ব্যুরো প্রধান ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ শাহরিয়ার বলেছেন, ‘সাংবাদিকতায় সর্বোচ্চ শিক্ষা অর্জন করেও সাংবাদিকতা পেশায় আসেনি অসংখ্য ডিগ্রীধারী মানুষ।
আবার সাংবাদিকতায় সর্বোচ্চ শিক্ষা না থাকলেও যারা সাংবাদিকতাকে ধারণ করেন, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা আছে- এমন অসংখ্য মানুষ কিন্তু সাংবাদিকতায় আজ উজ্জ্বল নক্ষত্র। এই মানুষগুলো হয়তো ছোটবেলা থেকেই লেখাপড়ার পাশাপাশি লেখালেখিতে অদম্য ছিলেন। সাহিত্য-সংস্কৃতিকে ধারণ করে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে ভাবুক ছিলেন। বর্তমানে ডিজিটাল যুগে সাংবাদিকতা অনেক সহজ হয়ে গেছে। এক সময় এসব সুযোগ-সুবিধা কিন্তু আমরা পাইনি। একটা লেখা ডাক বিভাগের মাধ্যমে পাঠাতাম। অনেকদিন পর লেখা আসতো। জাতীয় ও আন্তর্জাতিক খবরাখবরগুলো পাওয়া যেত না। এখন সবকিছু সহজ।
এই সহজলভ্যতার কারণে এটিকে কেউ সুযোগ হিসেবে নিয়ে নীতি-নৈতিকতায় থেকে সাংবাদিকতা করছেন, কেউ আবার এটির সুযোগ নিয়ে অপসাংবাদিকতা করছে। সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা ছাড়া এবং সাংবাদিকতার উৎকর্ষকে ধারণ করা ছাড়া সাংবাদিকতা চর্চা অনুচিত। গুজবে কান না দিয়ে, যথাযথ যাচাই-বাছাই ছাড়া যেমন সাংবাদিকতা চর্চা করা যাবে না, তেমনি তৃণমূল পিছিয়ে থাকা সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার মাধ্যমে মানবিক কাজ করারও বড় মাধ্যম এই সাংবাদিকতা। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকরা যেন সঠিক সাংবাদিকতার চর্চা করেন সেই প্রত্যাশা সাধারণ মানুষের। আমরা আশা করি, তোমরা যারা কিশোর-কিশোরী ও যুবরা শিশু সাংবাদিকতার প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকতা চর্চায় আসছো তারা দেশের মানুষ, দেশ সর্বোপরি মানবিক সাংবাদিকতায় অবদান রাখবে’।
বৃহস্পতিবার (১০ জুলাই) শিশু-কিশোর-কিশোরীদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত ৩ দিনব্যাপি শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরপরই তিনি আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।
তিনব্যাপি এই প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন দৈনিক পূর্বদেশ পত্রিকার সহ-সম্পাদক, মানবাধিকার কর্মী মো. শফিকুল ইসলাম খান। নগরের বাকলিয়াস্থ বৌবাজারে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সার্ভিস সেন্টারের প্রশিক্ষণ হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির কর্ণফুলী এরিয়া প্রোগ্রাম ম্যানেজার জনি রোজারিও।
স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার (চাইল্ড প্রোটেকশন) উইলিয়াম গোমেজ। উপস্থিত ছিলেন জুনিয়র প্রোগ্রাম অফিসার রিমা চাকমা, স্পন্সরশীপ সহকারী স্মিতা দে, জিবিভি অ্যান্ড ক্যাম্পেইন সহকারী সাকেত করিম ও প্রান্ত বড়ুয়া।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com