ফরিদপুর প্রতিনিধি: | বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৬১ বার পঠিত | পড়ুন মিনিটে
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ (২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ) অনুষ্ঠিতব্য এ নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রিত রাখতে ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচনকে নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে গত কয়েক দিনে সেনাবাহিনীর পক্ষ থেকে সাধারণ জনগণ ও ভোটারদের উদ্দেশ্যে সতর্কতামূলক মাইকিং এবং জনসচেতনতা প্রচারণা চালানো হচ্ছে। সেনা সদস্যরা ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাচ্ছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের প্রধান উদ্দেশ্য হলো ভোটকেন্দ্রে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, সম্ভাব্য সহিংসতা ও অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ করা এবং ভোটারদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করা।
একই সঙ্গে গুজব ও বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে, যাতে কোনো অপতৎপরতা ভোটগ্রহণ প্রক্রিয়াকে ব্যাহত করতে না পারে। এবারের নির্বাচনে সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনীর প্রায় এক লাখেরও বেশি সদস্য মোতায়েন থাকবে, যা দেশের নির্বাচনী ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক মোতায়েন হিসেবে বিবেচিত হচ্ছে। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা বিভিন্ন অঞ্চলে ক্যাম্প স্থাপন, টহল, নজরদারি এবং যৌথ সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন। উপজেলার গুরুত্বপূর্ণ স্থান ও ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় চরভদ্রাসনে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক আয়োজন, যেখানে ভোটাররা তাদের মূল্যবান ভোটের মাধ্যমে নতুন সরকার গঠনে অংশগ্রহণ করবেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com