সিনিয়র রিপোর্টার : আব্দুস সালাম মোল্লা | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ৬১ বার পঠিত | পড়ুন মিনিটে
ফরিদপুরের চরভদ্রাসনে হায়দার মুন্সি (৩৬) নামে এক যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় তার ছোট ভাই সুজন মুন্সিকেও (২৬) কুপিয়ে আহত করেছে তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
শনিবার (২৫ এপ্রিল) দিনগত রাত ৮টার দিকে উপজেলা সদরের ফাযিলখাঁর ডাঙ্গী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে। আহতরা ওই এলাকার মৃত ধলা মুন্সির ছেলে।
আহতদের পরিবারের অভিযোগ, একই গ্রামের ইসলাম মণ্ডলের ছেলে কালাম মণ্ডল (৩৫) নামে এক যুবকের সঙ্গে পূর্ব শত্রুতা রয়েছে হায়দার মুন্সির। প্রায় তিন বছর আগে একটি মামলায় কালামের পক্ষে সাক্ষ্য না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। সেই জের ধরে পরিকল্পিতভাবে রাতে ডেকে নিয়ে কালামের নেতৃত্বে ৫ থেকে ৬ জন ধারালো অস্ত্র চাপাতি, রামদা দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। এসময় ছোট ভাই সুজন মুন্সি ছুটে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। পরে দুই ভাইকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত সুজন মুন্সি বলেন, ‘তিন বছর আগে আমার ভাইয়ের সামনে আমাদের গ্রামের রিপন খাঁ ও কালাম মণ্ডলের মধ্যে একটি মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় মামলায় আমার ভাই সত্য ঘটনার সাক্ষ্য দেন। ওই সময় থেকেই কালামের ক্ষোভ আমার ভাইয়ের ওপর।’
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রশিদ জানান, আহতদের মধ্যে হায়দার মুন্সির অবস্থা সংকটাপন্ন। তার দুটি হাত ও একটি পায়ে গুরুতর জখম রয়েছে। একটি হাত ও একটি পা পুরোপুরি বিচ্ছিন্ন বলা যায়। প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুতই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, স্থানীয় কালাম নামে এক ব্যক্তির সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই এবং জড়িতদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবেনা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com