জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি | সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | ৬৪ বার পঠিত | পড়ুন মিনিটে
সোমবার ৮ ডিসেম্বর নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের কালিগঞ্জ বাজারে কৃষকদের সেচের পানি বিতরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ অনুষ্ঠিত হয়েছে।
এতে গোলনা, মীরগঞ্জ, ধর্মপাল, শিমুলবাড়ী, বালাগ্রাম, কাঁঠালী ও গোলমুন্ডা ইউনিয়নের শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।
কৃষকরা অভিযোগ করেন, উপজেলা এলাকায় রিজার্ভ খননের অনুমতি না দেওয়ায় পর্যাপ্ত পানি সেচের জন্য মজুত হচ্ছে না। বর্ষা শেষে এই সমস্যার কারণে প্রতি বছর তাদের জন্য বড় ভোগান্তি সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্ত সাতটি ইউনিয়নের হিসাব অনুযায়ী, এক লাখেরও বেশি পরিবার সেচের পানির ওপর নির্ভরশীল।
মানববন্ধনে কৃষকরা প্রশাসনের কাছে দাবি জানান নদী ও খাল পুনরুদ্ধার করা হোক, সেচের পানি সুষমভাবে বিতরণ করা হোক এবং পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিত করা হোক।
সকালে মানববন্ধনের পর দাবি পূরণে দেরি হওয়ায় কৃষকরা সড়ক অবরোধ করেন। এতে কালিগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
কৃষকরা জানিয়েছেন, তারা পর্যাপ্ত পানি সরবরাহ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
এ কর্মসূচির আয়োজন করেন সাতটি ইউনিয়নের কৃষকবৃন্দ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com