শরিফুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: | মঙ্গলবার, ১৯ মে ২০২৬ | প্রিন্ট | ২৯ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বহীনতা ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। বিশেষ করে শহরের হালদাপাড়া এলাকার কাদির ডাক্তারের নিরাময় হাসপাতাল মোড়ের বেহাল সড়ক পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। দীর্ঘদিন ধরে সড়কের এমন দুরবস্থার কারণে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা।

স্থানীয়দের দাবি, সামান্য বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। পানি জমে কাদায় একাকার হয়ে যায় পুরো সড়ক। ফলে স্কুল, কলেজ, প্রাইভেট ও কোচিং সেন্টারে যাতায়াতকারী কোমলমতি শিক্ষার্থীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে। অনেক সময় ছোট ছোট শিক্ষার্থীদের কাদা ও নোংরা পানি মাড়িয়ে চলাচল করতে দেখা যায়। এতে যেমন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, তেমনি বাড়ছে স্বাস্থ্যঝুঁকিও।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি থাকলেও পৌর কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। স্থানীয়রা একাধিকবার সংশ্লিষ্টদের অবহিত করলেও দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি বলে দাবি করেছেন। তাদের ভাষ্য, সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিদিন রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচলেও সমস্যা হচ্ছে। অনেক সময় যানবাহন আটকে গিয়ে সৃষ্টি হচ্ছে যানজট।
স্থানীয় ব্যবসায়ীরাও এ পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, জলাবদ্ধতা ও কাদার কারণে ক্রেতাদের চলাচল কমে গেছে। এতে ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ছেন তারা। বিশেষ করে বৃষ্টি হলেই পুরো এলাকায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করে।
স্থানীয় সচেতন মহলের ভাষ্য, “ছবিচিত্র দেখলেই বোঝা যায় জনদুর্ভোগ কতটা ভয়াবহ আকার ধারণ করেছে। কোমলমতি শিশুরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন নির্বিকার। দ্রুত সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।”
এলাকাবাসী দ্রুত সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com