ফখরুল ইসলাম | সোমবার, ২৩ জুন ২০২৫ | প্রিন্ট | ২৪৯ বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশ বিমানের নারিতা-ঢাকা সরাসরি ফ্লাইট চালু রাখার দাবিতে জাপানের বিভিন্ন প্রিফেকচারে একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জাপানপ্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ কমিউনিটি জাপানের ব্যানারে আয়োজিত এই কর্মসূচি অনুষ্ঠিত হয় ২২ জুন, রোববার। মানববন্ধন অনুষ্ঠিত হয় জাপানের সাইতামা, চিবা, ইবারাকি, কানাগাওয়া, গুন্মা, তোচিগি এবং ওসাকা প্রিফেকচারে। এই কর্মসূচিতে অংশ নেওয়া প্রবাসীরা জানান, বাংলাদেশ বিমানের নারিতা-ঢাকা রুট দীর্ঘদিন ধরেই জাপান প্রবাসীদের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য ও সুবিধাজনক একটি সংযোগ। হঠাৎ করে এই রুট বন্ধ বা স্থগিতের সিদ্ধান্ত প্রবাসীদের মধ্যে উদ্বেগ ও হতাশা সৃষ্টি করেছে।
মানববন্ধনে বক্তারা বলেন, “জাপানে অবস্থানরত প্রবাসীরা শুধু রেমিট্যান্সই পাঠায় না, বরং দেশের অর্থনীতি, অবকাঠামো ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই এই রুট চালু রাখা আমাদের যৌক্তিক অধিকার। বিমান রুট স্থগিতের পেছনে যদি কোনো কারণ থাকে, তাহলে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা প্রবাসীদের সামনে স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে।” মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা সাবের আহমেদ, সহ-সভাপতি ড. মাজেদুল ইসলাম, ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মালেক, বিশিষ্ট ব্যবসায়ী নেতা এটিএম মিসবাহুল কবির, জাপান বাংলা নিউজের সম্পাদক আতিকুর রহমান, ব্যবসায়ী সোহেল চৌধুরী, ইলিয়াছ মুন্সী, মীর আলী আহকাম লিখন, রফিক আজিজসহ অনেকেই।
বক্তারা আরও বলেন, “এই রুট বন্ধ হয়ে গেলে প্রবাসীদের যাতায়াতে যেমন ভোগান্তি বাড়বে, তেমনি সরকারের অর্থনৈতিকভাবেও ক্ষতি হবে। জাপান-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় আমরা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানাই।” এ সময় অনেকে প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানান এবং প্রধানমন্ত্রী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com