কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি | বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ৩০ বার পঠিত | পড়ুন মিনিটে
ঝিনাইদহের কোটচাঁদপুরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার গভীর রাতে উপজেলার বলাবাড়িয়া খানপাড়ায় এ ঘটনা ঘটে। বর্তমানে আহত স্বামী উজ্জ্বল খাঁ কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, কোটচাঁদপুর উপজেলার বলাবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর খাঁর ছেলে উজ্জ্বল খাঁ (৪২)। প্রায় ২০ বছর আগে একই গ্রামের সলেমান খাঁর মেয়ে রুবিনা আক্তার চায়না (৩২)-এর সঙ্গে তার বিয়ে হয়। দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের দুই কন্যাসন্তান রয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তারা একসঙ্গে সংসার করলেও প্রায়ই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকত। মঙ্গলবার সকালে এলাকাবাসী ঘটনাটি জানতে পারেন। এ ঘটনাকে চরম সামাজিক অবক্ষয়ের উদাহরণ বলে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
আহত উজ্জ্বল খাঁ বলেন, “আমি ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় রুবিনাকে বিয়ে করি। সেই সময় থেকে তার সঙ্গে সংসার করে আসছি। আমাদের দুই কন্যাসন্তান রয়েছে। গত কয়েকদিন ধরে রুবিনা আমার সঙ্গে খারাপ আচরণ করছিল। এ কারণে আমি বাড়ির বাইরে ছিলাম। সোমবার রাতে বাড়িতে ফিরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। এ সময় সে ধারালো দা দিয়ে আমার গোপনাঙ্গে কোপ দেয়। আমি চিৎকার করলে পরিবারের লোকজন এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।”
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা করবেন।কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, “ঘটনাটি নিয়ে উজ্জ্বলের পরিবারের সদস্যরা থানায় এসেছেন। মামলা হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com