আনোয়ার হোসেন | শনিবার, ২৯ মার্চ ২০২৫ | প্রিন্ট | ৬৮ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধায় ঢাকা-রংপুর মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মুসা (২০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন। আহতদের মধ্যে গুরুতর আহত ১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার (২৯ মার্চ) দুপুরে জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট আরভি কোল্ড স্টোরের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত মুসা কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে আসা দ্রুতগামী একটি পিকআপ অন্য একটি গাড়িকে দ্রুত পাশ কাটানোর সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সাথে সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় পিকআপে থাকা মুসা নামে এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও ৫ যাত্রী।
আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজ উদ্দিন খন্দকার বাংলা দৈনিক’কে জানান, নিহতের পরিচয় পাওয়া গেলেও আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধারকাজ চালায়,এ সময় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়, তবে পরে স্বাভাবিক করা হয়। এদিকে, স্থানীয়রা মহাসড়কে ট্রাক্টরের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানান। সেই সাথে দূর্ঘটনার জন্য এসব অবৈধ ট্রাক্টরের নিয়ন্ত্রণহীন চলাচলকে দায়ী করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com