শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তাড়াইলে অষ্টমী স্নানে পূণ্যার্থীদের ঢল, নরসুন্দা তীরে মিলনমেলা

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তাড়াইলে অষ্টমী স্নানে পূণ্যার্থীদের ঢল, নরসুন্দা তীরে মিলনমেলা
৭৬

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার মাখনাপাড়া এলাকায় নরসুন্দা নদীর পাড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে অষ্টমী স্নান। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরের আলো ফোঁটার সাথে সাথেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে পূণ্যার্থীরা অষ্টমী স্নানে অংশ নেন।

তাড়াইল উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী করিমগঞ্জ, ময়মনসিংহ জেলার নান্দাইল এবং নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে পূণ্যার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। এতে সকাল থেকেই স্নানঘাট এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

ভোর থেকেই নরসুন্দা নদীর তীরে নারী-পুরুষ ও শিশুর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। একপর্যায়ে পুরো নদীতীর পূণ্যার্থীদের মিলনমেলায় পরিণত হয়। পুণ্যলাভের আশায় ভক্তরা ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে নদীতে স্নান করেন। এসময় ক্ষুদে পূণ্যার্থীদের অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

পূণ্যার্থীরা ফুল, বেলপাতা ও দূর্বা নিয়ে পুরোহিতের সাথে মন্ত্রোচ্চারণ করেন এবং ধর্মীয় রীতি অনুযায়ী বিভিন্ন ফল জলে ভাসিয়ে দেন। এসব আচার-অনুষ্ঠানের মাধ্যমে তারা আত্মশুদ্ধি ও পাপমোচনের প্রার্থনা করেন।

অষ্টমী স্নানকে ঘিরে নদীর তীরে বসে মেলা। নানা ধরনের দোকান, খেলনা, মিষ্টি ও খাবারের স্টলে ভিড় করেন আগত দর্শনার্থীরা। এতে ধর্মীয় আয়োজনের পাশাপাশি সৃষ্টি হয় উৎসবমুখর এক মিলনমেলা।

এদিকে মহামায়া যুব সংঘের আয়োজনে স্নানঘাট এলাকায় বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়। পাশাপাশি অষ্টমী স্নানে আগত সকল পূণ্যার্থীদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়, যা ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

মহামায়া যুব সংঘের সভাপতি ঝুটন চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক অনিক বর্মন টিটু ও কোষাধ্যক্ষ সুব্রত বর্মন নিত্য জানান, প্রতিবছরের ন্যায় এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অষ্টমী স্নান ও বাসন্তী পূজা আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় আয়োজন অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়দের ভাষ্য, প্রতি বছরই অষ্টমী তিথি উপলক্ষে মাখনাপাড়া ঘাটে মানুষের ঢল নামে। দূর-দূরান্ত থেকে আগত ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করেন।

অংশগ্রহণকারীরা জানান, অষ্টমী স্নান সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষঙ্গ। এই স্নানের মাধ্যমে আত্মশুদ্ধি ও পাপমোচনের বিশ্বাস রয়েছে তাদের মধ্যে।

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এ বছরের অষ্টমী স্নান, বাসন্তী পূজা ও মেলা।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com