আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ | প্রিন্ট | ৮৭ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহসিন আলীকে আকস্মিকভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া অজ্ঞাত হামলাকারীর মরদেহ ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২৫ জুলাই) সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা থানার পেছনের সাঘাটা হাই স্কুলের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে মরদেহটির পুরো পরিচয় পাওয়া না গেলেও পকেটে পাওয়া প্রবেশপত্র দেখে যুবকের নাম সাজু মিয়া বলে নিশ্চিত হয় পুলিশ। তিনি গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের একজন শিক্ষার্থী। তার পিতার নাম দুলাল মিয়া এবং মাতার নাম রিক্তা বেগম।
এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলামসহ গাইবান্ধা জেলার পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলা। এ সময় তারা থানার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং প্রাথমিক তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
এর আগে, বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সাঘাটা থানার ভেতরে ঢুকে এএসআই মহসিন আলীর মাথা ও হাতে ছুরিকাঘাত করে ওই অজ্ঞাত যুবক। হামলার পরপরই সে থানার পেছনের পুকুরে ঝাঁপ দিয়ে লুকিয়ে পড়ে। পুলিশ ও স্থানীয়রা রাতভর পুকুরে তল্লাশি চালালেও এ সময় তাকে খুঁজে পায়নি।
বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, হামলাকারীর মরদেহ ফায়ার সার্ভিসের সহায়তায় পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। তার পুরো পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহত এএসআই মহসিন আলীকে বৃহস্পতিবার রাতেই সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com