সিনিয়র রিপোর্টার :আব্দুস সালাম মোল্লা | রবিবার, ৩১ মে ২০২৬ | প্রিন্ট | ৩৭ বার পঠিত | পড়ুন মিনিটে
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার চরযশোরদী ইউনিয়ন, তালমা ইউনিয়ন ও নগরকান্দা পৌরসভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির উদ্যোগে পৃথকভাবে এসব কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম।
আয়োজকদের সূত্রে জানা যায়, প্রথমে চরযশোরদী ইউনিয়নের চাঁদহাট বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সেখানে প্রায় ২৫০ থেকে ৩০০ জন দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এরপর তালমা ইউনিয়নের তালমা মোড়ে আয়োজিত কর্মসূচিতে আরও প্রায় ৩৫০ থেকে ৪০০ জন মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
দিনের শেষ পর্বে নগরকান্দা পৌরসভার শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নগরকান্দা সাবেক পৌর যুবদলের সভাপতি মো. তৈয়াবুর রহমান মাসুদ, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল এবং সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফসহ উপজেলা, ইউনিয়ন ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধে তাঁর ভূমিকা এবং দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শ ও নেতৃত্ব দেশের রাজনৈতিক অঙ্গনে এখনও প্রাসঙ্গিক এবং তাঁর দেখানো পথে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com