ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন। গতকাল (১৮ /৫/২৫) টিয়ারা গ্রামে বিটঘর ইউ.পি-র সাবেক চেয়ারম্যান হোসেন মিয়ার সমর্থকদের সঙ্গে জাকির মহাজনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পূর্ব বিরোধের জেড় ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।পরে যৌথবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায় – টিয়ারা গ্রামের মো. ইব্রাহিম হোসেনের ছেলে মো. রিমন হোসেন বাজারে দুধ বিক্রি করতে যাওয়ার সময় অপর পক্ষের মিলন মিয়ার ছেলে মো. সাগর মিয়ার সাথে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়।
এতে টেঁটাবিদ্ধ ও লাঠির আঘাতে ১১ জন আহত হয়, আহতদের মধ্যে মুন্সি বাড়ির শাহ আলমের ছেলে মো. মহসিন, আবুল খায়েরের ছেলে শিমুল মিয়া, আব্দুল হান্নানের ছেলে আলম মিয়া, মফিজুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান এবং পশ্চিম পাড়ার মো. নুর মিয়ার ছেলে ইনু মিয়া, তোতা মিয়ার ছেলে আমিনুল ইসলাম, খলিল মিয়ার ছেলে রানা মিয়া, মিলন মিয়ার ছেলে সাগর মিয়া, মুন্নাফ মিয়ার ছেলে ফরিদুল ইসলাম, রোমন মিয়ার ছেলে হোসেন মিয়া।
গুরুতর আহতদের মধ্যে টেটাবিদ্ধ মো. মহসিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ এরং অন্যান্যদের জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে নবীনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান -পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। সাধারণ মানুষের জান- মালের নিরাপত্তায় সর্তক আছি। এ ঘটনায় এখন পর্যন্ত (নিউজ লেখা পর্যন্ত) নবীনগর থানায় কোন অভিযোগ বা মামলা হয়নি।