শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : | মঙ্গলবার, ১২ মে ২০২৬ | প্রিন্ট | ৬০ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-এ তথ্য সংগ্রহ করতে গিয়ে র্যাবের তিন গোয়েন্দা সদস্যের ওপর হামলার ঘটনায় এক নারীসহ পাঁচজনকে আটক করেছে র্যাব-৯।
মঙ্গলবার (১২ মে) দুপুরে শহরের দক্ষিণ পৈরতলায় র্যাব-৯ ক্রাইম প্রিভেনশন কোম্পানিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরন্নবী।
আটক ব্যক্তিরা হলেন— খাগাতোয়া গ্রামের মৃত গোলাম ওয়াহেদের ছেলে আব্দুল কাদির (৬২), নয়ন মিয়ার ছেলে মো. রাহিম আহমেদ (২০), মুসলেম মিয়ার ছেলে আব্দুর রহমান ওরফে অপু মিয়া (১৯), হুমায়ুন কবিরের ছেলে নুর আলম ওরফে নুরনবী (১৯) এবং জামাল মিয়ার স্ত্রী ছানোয়ারা বেগম (৪৮)।
র্যাব জানায়, সোমবার (১১ মে) রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার খাগাতোয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তা মো. নূরন্নবী জানান, সোমবার বিকেলে জেলার বাঞ্ছারামপুর এলাকায় তথ্য সংগ্রহের উদ্দেশ্যে যাচ্ছিলেন র্যাবের তিন গোয়েন্দা সদস্য। পথে নবীনগরের খাগাতোয়া গ্রামে পৌঁছালে চিহ্নিত ডাকাত শফিক বাহিনীর সদস্যরা তাদের মোটরসাইকেলের গতিরোধ করে।
এসময় গোয়েন্দা সদস্যদের জিম্মি করে নিয়ে গিয়ে মারধর করা হয়। হামলার একপর্যায়ে এক সদস্যের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে জানিয়েছে র্যাব। পরে খবর পেয়ে র্যাবের অন্য সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন।
ঘটনার পর অভিযুক্তদের ধরতে রাতভর সাঁড়াশি অভিযান চালায় র্যাব। অভিযানে মূল অভিযুক্ত শফিক পালিয়ে গেলেও হামলায় জড়িতদের মধ্যে এক নারীসহ পাঁচজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে হামলার অন্যতম হোতা আব্দুল কাদির রয়েছেন বলেও জানিয়েছে র্যাব।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com