আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৩৯ বার পঠিত | পড়ুন মিনিটে
নির্বাচন মানেই এক সময় ছিল অলিগলির দেওয়ালে, রাস্তার মোড়ে কিংবা সুতলিতে টাঙানো পোস্টারের মেলা। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই চিরচেনা দৃশ্য এবার উধাও। নির্বাচনী আচরণবিধিতে সব ধরনের পোস্টার ব্যবহার নিষিদ্ধ করায় গাইবান্ধার জনপদে পোস্টারের সমাহার আর চোখে পড়ছে না।
সাধারণ মানুষের জন্য এটি স্বস্তির খবর হলেও, এই সিদ্ধান্তে মাথায় হাত পড়েছে জেলার ছাপাখানা ব্যবসায়ীদের। নির্বাচনী প্রচার শুরু হলেও কাজ না থাকায় থমকে গেছে কয়েক’শ ছাপাখানা।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১০ নভেম্বর নির্বাচন কমিশন (ইসি) পোস্টার ব্যবহার নিষিদ্ধ করে গেজেট জারি করে। নতুন আচরণবিধি অনুযায়ী, প্রার্থীরা কেবল লিফলেট, হ্যান্ডবিল ও ফেস্টুন ব্যবহার করতে পারবেন। এতে কোনো দলীয় প্রধান ছাড়া অন্য কারও ছবি ব্যবহারের সুযোগ নেই। এই নতুন নিয়মের ধাক্কায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ছাপাখানার মালিক ও শ্রমিকরা।
গাইবান্ধা শহরের সার্কুলার রোড ও ২নং রেলগেট এলাকায় অধিকাংশ ছাপাখানার অবস্থান। সরেজমিনে দেখা গেছে, নির্বাচনী প্রচারণা শুরু হলেও এসব ছাপাখানায় নেই কোনো কর্মব্যস্ততা। অলস সময় পার করছেন শ্রমিকরা। ব্যবসায়ীরা বলছেন, নির্বাচন উপলক্ষে লাখ লাখ টাকার কাগজ অগ্রিম কিনে রাখলেও কোনো অর্ডার আসছে না।
শহরের সার্কুলার রোডের ‘দেশ প্রিন্টিং প্রেস’-এর মেশিন অপারেটর শহিদুল ইসলাম বলেন, “বসে আছি, কোনো কাজ নেই। ভোটের কাজ আসবে ভেবে আশায় ছিলাম, কিন্তু এখন পর্যন্ত একটি অর্ডারও পাইনি। মালিকের মন-মেজাজ খারাপ, কয়েক দিন ধরে কারখানায়ও আসছেন না।”
‘মিলন অফসেট প্রেস’-এর মালিক মিলন মিয়া জানান, অনেকেই চড়া দামে কাগজ কিনে বিপাকে পড়েছেন। তিনি বলেন, “নির্বাচন কমিশন পোস্টার নিষিদ্ধ করেছে—এই তথ্য অনেক মালিক সময়মতো জানতে পারেননি। বড় অংকের বিনিয়োগ এখন লোকসানের মুখে। পোস্টার ছাপানো বন্ধ হওয়ায় ব্যবসায়িক বড় ধ্বস নেমেছে।”
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রাজনৈতিক দলগুলোর অধিকাংশের মতামত এবং পরিবেশ মন্ত্রণালয়ের আপত্তির প্রেক্ষিতেই নির্বাচনে পোস্টার নিষিদ্ধ করা হয়েছে। পরিবেশ রক্ষা এবং যত্রতত্র পোস্টার লাগিয়ে শহর নোংরা করা বন্ধ করতেই এই কঠোর অবস্থান নিয়েছে কমিশন।
তবে পোস্টারহীন এই নির্বাচনে প্রার্থীরা ভিন্ন কৌশলে প্রচার চালাচ্ছেন। লিফলেট ও হ্যান্ডবিলের দিকে ঝুঁকলেও পোস্টারের মতো বড় বাজেটের কাজ না থাকায় ছাপাখানা মালিকদের মুখে হাসি নেই। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধার ছাপাখানা শিল্পের জন্য এক নীরব হাহাকার বয়ে এনেছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com