আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৩৭ বার পঠিত | পড়ুন মিনিটে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫ এর লিখিত (এমসিকিউ) পরীক্ষা ঘিরে গাইবান্ধায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই আদেশ জারি করে গাইবান্ধা জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসন সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। একইদিন গাইবান্ধার জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা স্বাক্ষরিত ও সীলমোহরযুক্ত নোটিশে এই আদেশ জারি করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আগামী ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) বিকাল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত গাইবান্ধা জেলার ৪৩টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাকালীন সময়সহ পরীক্ষা পূর্ববর্তী ও পরবর্তী সময়ে সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং পরীক্ষার স্বচ্ছ পরিবেশ বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আদেশ অনুযায়ী, পরীক্ষার দিন পরীক্ষা শুরুর ৩ ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষের ২ ঘণ্টা পর পর্যন্ত অর্থাৎ এদিন দুপুর ১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত প্রতিটি পরীক্ষা কেন্দ্রের চারদিকে ২০০ গজের মধ্যে যেকোনো ধরনের সভা-সমাবেশ, বেআইনি জমায়েত, মিছিল, প্রচারণা এবং বাদ্যযন্ত্র ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এছাড়া, পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোর আশপাশে অননুমোদিত ব্যক্তির প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষার সময় কেন্দ্রগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি, ভিড় জমানো কিংবা যেকোনোভাবে পরীক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা থাকায় জনস্বার্থে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে, এ আদেশ পরীক্ষা গ্রহণের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫ এর লিখিত পরীক্ষাটি প্রথমে গত ২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বিএনপির সাবেক চেয়ারপার্সন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত জাতীয় শোক দিবসের আওতায় পড়ায় ওই দিনের পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরীক্ষার নতুন তারিখ হিসেবে ৯ জানুয়ারি নির্ধারণ করে।
এরপর অধিদপ্তরের আরেকটি আদেশে পরীক্ষা কেন্দ্র ও তারিখ অপরিবর্তিত রেখে পূর্বনির্ধারিত সকাল ১০টার পরিবর্তে পরীক্ষার সময় দুপুর ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়।
গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায় এবছর গাইবান্ধা জেলায় ৪০০ এর অধিক শূণ্য পদের বিপরীতে পরীক্ষার্থী সংখ্যা ২৭ হাজার ৬৮৮ জন।
গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষ্ণণ কুমার দাশ জানান, গাইবান্ধা জেলায় আমাদের শূন্য পদ ৪০০ এর অধিক। সঠিক বলা যাচ্ছেনা কারণ অবসরজনিত কারণে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে থাকে। আর নিয়োগ পরীক্ষায় ২৭ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী অংশ নিবেন।
এসময় তিনি পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে সকল ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে শিক্ষক-পরীক্ষার্থী, অভিভাবক ও আইনশৃঙ্খলাবাহিনীর প্রতি সহযোগিতা কামনা করেন। একই সঙে পরীক্ষা সংক্রান্ত কোনো বিষয়ে কেনো ধরণের গুজবে কান না দেওয়ার জন্যও সবাইকে সতর্ক করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com