ফরিদপুর জেলা প্রতিনিধি আব্দুস সালাম মোল্লা: | বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ | প্রিন্ট | ৬১ বার পঠিত | পড়ুন মিনিটে
ফরিদপুরের করিমপুরে দু’টি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ফরিদপুর-খুলনা মহাসড়কের কানাইপুরে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার পর মহাসড়কের ওই স্থানে দু’পাশে যানজটের সৃষ্টি হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আধঘণ্টা পরে যান চলাচল স্বাভাবিক হয়।
নিহতরা হলেন, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারি গ্রামের মরহুম মোহাম্মদ আলী মৃধার ছেলে বাসচালক আজিজুল হক (৬২), ফরিদপুর শহরের উত্তর টেপাখোলা মহল্লার আবুল কাশেম মোল্লার ছেলে আব্দুল মান্নান মোল্লা (৭৮) ও মধুখালী উপজেলার গড়িয়াদাহ এলাকার রেপতি বিশ্বাসের স্ত্রীর মিনতি রানী বিশ্বাস (৪২)।
পুলিশ জানায়, ফরিদপুর থেকে মাগুরাগামী একটি লোকাল বাসকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল এক্সপ্রেস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাসের চালকসহ তিনজন নিহত হয়। নিহতদের সকলে লোকাল বাসের লোক ছিলেন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অতিরিক্ত গতি কারণে এই দুর্ঘটনা।এদিকে, সিসি টিভির ফুটেজে দেখা গেছে, দ্রুতগতিতে একটি বাস একটি ট্রাককে ওভারটেক করার সময় দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনাকবলিত বাস দু’টিকে জব্দ করে রাখা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com