বাকৃবি প্রতিনিধিঃ | শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | ৮৫ বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন বাঁধনের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।বাকৃবির জোনাল পরিষদের উদ্যোগে দিনটি উদযাপিত হয়।
শুক্রবার (১ নভেম্বর) বিকেল ৫টায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা এবং একটি আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে৷র্যালীটি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষ থেকে শুরু হয়ে উপাচার্যের বাসভবন ও কে.আর মার্কেট প্রদক্ষিণ করে জোনাল পরিষদে এসে সমাপ্ত হয়।
পরে সংগঠনটির ২৭ বছর পূর্তি ও ২৮ বছরে পদার্পণ উপলক্ষে তাদের কার্যালয়ে কেক কাটা হয়।
আলোচনা সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাঁধন বাকৃবি জোনের সভাপতি সোয়েব মীম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিকী, বাকৃবি জোনের উপদেষ্টা, ১৩টি হল ইউনিট ও ১টি হল পরিবারের বাঁধনকর্মী ও নেতৃবৃন্দ, সম্মানিত রক্তদাতা ও শুভাকাঙ্ক্ষীরা।
অনুষ্ঠানে বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, “বাঁধন রক্তদানের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রক্ত তো অনেক পাওয়া যায়, কিনতেও পাওয়া যায়। কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে বলতে পারি বাঁধনের রক্ত সর্বোচ্চ বিশুদ্ধ রক্ত। আশা করব সংগঠনটির সাবেক ও নতুন সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাঁধন অনেক দূর এগিয়ে যাবে।”
বাঁধন বাকৃবি জোনের সভাপতি সোয়েব মীম তার বক্তৃতায় বলেন, “গত ২৪ শে অক্টোবর বাঁধন কেন্দ্রীয় পরিষদের ২৭ বছর পূর্তি ও ২৮ বছরে পদার্পণ উদযাপন করে। তারই ধারাবাহিকতায় বাঁধন বাকৃবি জোন আজ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করে৷ ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রক্টর, সহকারী প্রক্টর, বাঁধনকর্মী, উপদেষ্টা এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে র্যালী এবং পরবর্তীতে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।”
উল্লেখ্য, “রক্তদানে সাতাশে বাঁধন, স্বপ্ন জয় করবে সাধন।”এই স্লোগানকে সামনে রেখে উদযাপিত হয় দিনটি।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com