ইবি প্রতিনিধি: | বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৮২ বার পঠিত | পড়ুন মিনিটে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আহ্বায়ক এস এম সুইট বলেছেন, ‘বিপদ কেটে গেলেই মানুষ বিএনপি হয়ে যায়।’ তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে যে স্পিরিটে আমরা সবাই একাত্মা ঘোষণা করেছিলাম বিএনপির বর্তমান চরিত্র সেই স্পিরিটের সাথে একেবারে মেলে না।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ইবি শাখা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।
খেলাফত ছাত্র মজলিস ইবি শাখার সভাপতি সাদেক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আজিজ এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শাহরিয়ার আলম।
এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি, প্রেসক্লাব, রিপোটার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ, শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সাধারণ সম্পাদক নিয়ামতুল্লাহ ফায়সালসহ বিভিন্ন ছাত্র সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় এস এম সুইট বলেন, ইফতারের সময় রাজনৈতিক কথা বলা এড়িয়ে চলা উচিত, তবে বর্তমান ক্ষমতাসীনদের চরিত্র দেখলে আমার কাছে মনে হয়, বিপদ কাটলেই মানুষ বিএনপি হয়ে যায়। অথচ জুলাই অভ্যুত্থানে সকল রাজনৈতিক সংগঠন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছিলাম।
তিনি আরও বলেন, আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি সুন্দর পরিবেশ বিরাজ করছে। কেউ যদি এই পরিবেশ নষ্ট করার চেষ্টা করে, তবে আমাদের ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করতে হবে। কোনো ব্যক্তি বা একক ছাত্র সংগঠনের জন্য নয় বরং শুধুমাত্র ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আমাদেরকে একসাথে লড়াই করতে হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com