মো:সৌরব বেতাগী প্রতিনিধি: | বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ১৫৮ বার পঠিত | পড়ুন মিনিটে
সামাজিক অবক্ষয় রোধ ও একটি সচেতন প্রজন্ম গঠনের লক্ষ্যে বেতাগীতে বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, মাদক, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক জনসচেতনতামূলক অনুষ্ঠান–২০২৬ অত্যন্ত সুশৃঙ্খল ও অর্থবহ পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন মুহ. সাদ্দাম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), বেতাগী, বরগুনা। তিনি তাঁর বক্তব্যে তরুণ সমাজকে সামাজিক দায়িত্ববোধ, আইনগত সচেতনতা ও নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি সামাজিক ব্যাধি প্রতিরোধে তরুণদের অগ্রণী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমির চন্দ্র শীল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, বেতাগী, বরগুনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মো. সোহেল মীর এবং পরিচালক মো. আরিফুর ইসলাম মান্না।
আলোচনা পর্বে যুব ও যুব নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বক্তারা বলেন, সমাজ থেকে বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন ও মাদকের মতো সামাজিক ব্যাধি দূর করতে হলে তরুণদের সচেতন, দায়িত্বশীল ও ইতিবাচক নেতৃত্বে এগিয়ে আসতে হবে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, বেতাগীর আয়োজনে এবং গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মসূচি স্থানীয় তরুণ সমাজের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগ একটি সুস্থ, মানবিক ও সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com