মো. সৌরব, বেতাগী (বরগুনা) প্রতিনিধি | শনিবার, ০১ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | ৬৮৭ বার পঠিত | পড়ুন মিনিটে
বরগুনার “বেতাগী সরকারি কলেজ” বিএনসিসি নৌ প্লাটুনের দুই কৃতী ও মেধাবী ক্যাডেট মোঃ আরাফাত ইসলাম ও মোঃ নাঈম সার্জেন্ট পদে পদোন্নতি লাভ করেছেন। গত ২৩ অক্টোবর ২০২৫ তারিখে ব্যবহারিক( ড্রিল,প্যারেড),লিখিত ও মৌখিক তিন ধরণের পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহন করেন। পদোন্নতি পরীক্ষার ফলাফল আজ ১ নভেম্বর ২০২৫ তারিখে ৫৩ বিএনসিসি খুলনা ফ্লোটিলা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের যোগ্য ও প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাডেটদের মধ্য থেকে বেতাগী সরকারি কলেজ বিএনসিসি নৌ প্লাটুনের এই দুই তরুণ ক্যাডেট সার্জেন্ট পদে স্থান পেয়ে প্রতিষ্ঠানের সুনাম আরও উজ্জ্বল করেছেন। এছাড়াও এবার কলেজ প্লাটুন থেকে ক্যাডেট কর্পোরাল পদে ২ জন এবং ক্যাডেট ল্যান্স কর্পোরাল পদে আরও ৩ জনসহ মোট ৭ জন বিভিন্ন পদে পদোন্নতি লাভ করেন।
দীর্ঘদিন ধরে আরাফাত ও নাঈম বিএনসিসি কার্যক্রমে দায়িত্বশীলতা, শৃঙ্খলাবোধ ও নেতৃত্বগুণের মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করে আসছেন। বিভিন্ন সামরিক প্রশিক্ষণ, ক্যাম্প ও সামাজিক কর্মকাণ্ডে তাদের সক্রিয় অংশগ্রহণ সহকর্মী ও শিক্ষকদের প্রশংসা কুড়িয়েছে। বেতাগী সরকারি কলেজ বিএনসিসি নৌ প্লাটুনের কর্মকর্তা, শিক্ষক ও সহকর্মীরা আরাফাত ও নাঈমকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তারা আশাবাদ ব্যক্ত করেছেন, ক্যাডেটের এই অর্জন অন্যান্য সদস্যদের অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে নেতৃত্বের অগ্রযাত্রায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিজেদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আরাফাত ও নাঈম বলেন, “এই সাফল্য শুধুমাত্র আমাদের নয়, এটি আমাদের প্রিয় সহযোদ্ধা ও পুরো প্লাটুনের সম্মিলিত অর্জন।
আমরা সবাই মিলে বিএনসিসির মান আরও উঁচুতে নিতে চাই।” বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ জনাব প্রফেসর সমর কুমার বেপারী বলেন, “বিএনসিসি ক্যাডেটরা শুধু কলেজেরই নয়, সমাজ ও দেশের গর্ব। আরাফাত ও নাঈমসহ অন্যান্য ক্যাডেটদের এই অর্জন বেতাগী সরকারি কলেজের জন্য গৌরবের বিষয়।” বেতাগী সরকারি কলেজ বিএনসিসি নৌ প্লাটুনের প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) জনাব মোঃ হামীম হোসাইন বলেন, “তাদের এই সাফল্য আমাদের প্লাটুনের পরিশ্রম ও নিয়মানুবর্তিতার প্রতিফলন।আশা করছি সার্জেন্টসহ অন্যান্য পদে যারা পদোন্নতি পেয়েছেন তারা ভবিষ্যতেও নেতৃত্ব ও শৃঙ্খলার দৃষ্টান্ত স্থাপন করবে এবং পরবর্তীতে ক্যাডেট আন্ডার অফিার (সিইউও) পদে পদোন্নতি লাভ করবে।” তাদের পরিবার ও এলাকাবাসী গর্ব প্রকাশ করেছেন এবং আরাফাত ও নাঈমের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আন্তরিক শুভকামনা জানিয়েছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com