ফরিদপুর জেলা প্রতিনিধি: | মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | ৮৯ বার পঠিত | পড়ুন মিনিটে
ফরিদপুরের বোয়ালমারীতে ২৩ মাদক মামলার আসামি মো. মাহফুজুর রহমান শেখ ওরফে ডিজে মাহফুজকে (৪৫) ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার কাছে গাঁজাও পাওয়া গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রক ফরিদপুর অফিস সূত্রে জানা যায়,মঙ্গলবার (০৫ নভেম্বর) বোয়ালমারী পৌরসদরের দক্ষিণ কামারগ্রাম থেকে মাহফুজকে গ্রেপ্তার করে ডিএনসির সদস্যরা।পরে বিকেলে মাহফুজকে আদালতে পাঠানো হয়েছে। ডিজে মাহফুজ দক্ষিণ কামারগ্রামের মৃত গঞ্জর আলী শেখের ছেলে।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ফরিদপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (ক-সার্কেল) মো. আমিরুল ইসলাম বাদি হয়ে বোয়ালমারী থানায় একটি মাদক মামলা দায়ের করেছেন।
মামলা ও অভিযান সূত্রে জানা যায়, মো. মাহফুজুর রহমান শেখ ওরফে ডিজে মাহফুজ চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে বোয়ালমারী থানায় ২৩টি মাদক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার, বোয়ালমারী পৌরসদরের দক্ষিণ কামারগ্রামে ডিজে মাহফুজের বাড়িতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানের খবর পেয়ে আসামী পালানোর সময় তাকে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এসময় তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিলসহ ২’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এদিন দুপুরে তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণে আইনের ২০১৮-এর (সংশোধনী ২০২০) ৩৬(১) সারণির ১৪(খ) ও ১৯ (ক) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়। তার বিরুদ্ধে বোয়ালমারী থানা ছাড়াও আশপাশের বিভিন্ন থানায় চুরি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বোয়ালমারী থানার পরিদর্শক (ওসি তদন্ত) মজিবুর রহমান জানান, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম মাহফুজুর রহমান শেখ ওরফে ডিজে মাহফুজকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে বোয়ালমারী থানায় এ পর্যন্ত ২৩টি মাদক মামলা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আসামীকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালের দিকে বোয়ালমারী পৌরসদরের দক্ষিণ কামারগ্রামে ডিজে মাহফুজের বাড়িতে অভিযান ১০ বোতল ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণে আইনে স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে। মাহফুজের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানতে পেরেছি।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com