শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি | সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ২৪ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়া টাউন খালে প্রাণ ফেরাতে পরিষ্কা
দখল ও দূষণে মৃতপ্রায় ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালে আবারও প্রাণ ফেরাতে উদ্যোগ নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কর্তৃপক্ষ। পানি প্রবাহ স্বাভাবিক করা ও সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে শুরু হওয়া পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে তিনি টাউন খালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় চলমান কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
এর আগে গত ১৩ জানুয়ারি নিজস্ব অর্থায়নে টাউন খাল পুনরুদ্ধারে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ টাউন খালটি শহরের টানবাজার থেকে গোকর্ণ ঘাট পর্যন্ত বিস্তৃত, যা দুই প্রান্তে তিতাস নদীর সঙ্গে সংযুক্ত। দীর্ঘদিনের দখল ও দূষণের কারণে খালটি বর্তমানে মৃতপ্রায় অবস্থায় রয়েছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে পর্যায়ক্রমে খালটি পুনঃখনন, দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পথচারীদের জন্য ওয়াকওয়ে নির্মাণ করা হবে। একই সঙ্গে খালের সৌন্দর্য বৃদ্ধি ও সবুজায়নের উদ্যোগ নেওয়া হবে।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, “শহরে জলাবদ্ধতা নিরসনে টাউন খাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খালকে মেরে ফেললে চলবে না। খালটিকে ঘিরে আমাদের আরও পরিকল্পনা রয়েছে। সৌন্দর্য বর্ধনের পাশাপাশি সবুজায়নও করা হবে।”
এ সময় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক শরীফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী কাউসার আহমেদসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com