মোঃ শিমুল রানা, কসবা উপজেলা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: | শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | ৬৮ বার পঠিত | পড়ুন মিনিটে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আতাউর রহমান সরকার তার মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টায় দলীয় নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন জমা দেন।
মনোনয়নপত্র জমাদানের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আতাউর রহমান সরকার বিগত সময়ের জনপ্রতিনিধিদের সমালোচনা করে বলেন, অতীতের প্রতিনিধিরা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। তিনি নির্বাচিত হলে সেই অসমাপ্ত কাজগুলো শেষ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তার নির্বাচনী ইশতেহারের মূল লক্ষ্য সম্পর্কে তিনি জানান, কসবা ও আখাউড়া উপজেলার স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থায় তিনি বৈপ্লবিক পরিবর্তন আনতে চান। বেকারত্ব দূরীকরণে একটি অভিনব পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, “প্রতিটি গ্রামে গ্রাম প্রতিনিধি গঠনের মাধ্যমে এমন ব্যবস্থা করা হবে, যেন পড়াশোনা শেষ করার পর একজন শিক্ষার্থীর এক হাতে সার্টিফিকেট এবং অন্য হাতে চাকরির নিয়োগপত্র থাকে।”
এদিকে, জামায়াত প্রার্থীর মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে কসবা ও আখাউড়া উপজেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে। এলাকাটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এবং বিভিন্ন দলের তৎপরতায় নির্বাচনী মাঠ ক্রমেই সরগরম হয়ে উঠছে।
জামায়াত নেতারা জানান, তারা একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং জনগণের হৃত ভোটাধিকার ফিরিয়ে আনার লক্ষ্যেই নির্বাচনে অংশ নিচ্ছেন। তাদের দৃঢ় বিশ্বাস, এই আসনের সাধারণ জনগণ এবার পরিবর্তনের পক্ষেই তাদের রায় প্রদান করবেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com