মোঃ রাহিজুল ইসলাম , ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ | বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | ৪১ বার পঠিত | পড়ুন মিনিটে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নের ঢাকাইয়া পাড়ায় প্রবাসীর স্ত্রী পারুল বেগম (৩৫)-কে হাত-পা বেঁধে রেখে ডাকাতির চেষ্টার ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটেছে গত ২ সেপ্টেম্বর দিবাগত রাতে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্রবাসে থাকা আয়নাল হকের স্ত্রী পারুল বেগম ওই রাতে বাড়িতে একা ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, পারুলের মেয়ের স্বামী পরদিন বিদেশে যাওয়ার কথা থাকায় বাড়িতে মোটা অংকের টাকা রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছে, এ টাকাই ডাকাতদের মূল লক্ষ্য ছিল।
রাতের কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে পারুল বেগমকে হাত-পা বেঁধে ফেলে রেখে যায়। পরদিন সকালে বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে তাকে দ্রুত উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, “এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন, অপরাধীরা চিহ্নিত না হলে ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটতে পারে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com