মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ | রবিবার, ০৮ মার্চ ২০২৬ | প্রিন্ট | ২০ বার পঠিত | পড়ুন মিনিটে
যশোরের মনিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে শনিবার সকালে মনিরামপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর–৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় নারীদের অবদান অপরিসীম। নারী শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক ক্ষমতায়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। নারীরা এখন ঘরের গণ্ডি পেরিয়ে প্রশাসন, রাজনীতি, ব্যবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত হলে দেশ আরও দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে যাবে। সমাজ থেকে নারী নির্যাতন, বৈষম্য ও কুসংস্কার দূর করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, নারী উদ্যোক্তা, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা নারীর অধিকার প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিত করা এবং নারীর ক্ষমতায়নের মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা কয়েকজন নারীকে সম্মাননা প্রদান করা হয়। পুরো অনুষ্ঠান জুড়ে নারীর ক্ষমতায়ন ও সমতার বার্তা তুলে ধরা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com