মাসুদ রায়হান | বুধবার, ১৪ মে ২০২৫ | প্রিন্ট | ৩৯৮ বার পঠিত | পড়ুন মিনিটে
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির সংগ্রামী শিক্ষক ফারুক আল মাহমুদের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলার প্রত্যাহারের দাবিতে মনিরামপুরের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, “একজন সম্মানিত শিক্ষক ও সমাজকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের অত্যন্ত দুঃখজনক। এই মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে, অন্যথায় ছাত্রসমাজ কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে।” সমাবেশে উপস্থিত ছিলেন শিক্ষার্থী হাসাইন ইকবাল সানি, শরিফ মাহমুদ, নাসিমুল বারী সাইমুম, তাসনিম হাসান বর্ষা, রেজোয়ান, নুসরাত, মিষ্টি সাকিব, দিপ্তসহ আরও অনেকে। জানা যায়, গত ৫ মে ফারুক আল মাহমুদ জয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন।
এ ঘটনায় প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী ক্ষুব্ধ হয়ে তাকে আক্রমণের উদ্দেশ্যে জয়পুর বাজারে উপস্থিত হলেও ফারুক আল মাহমুদ সেখানে না থাকায় তারা নিজেদের মধ্যে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে একজন আহত হন এবং তার স্বজনেরা এসে অপর পক্ষের একজন আক্তার হোসেনকে মারধর করেন। পরে আহত আক্তার হোসেনকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর আক্তার হোসেনের ভাগ্নে মো. রিয়াদ হোসেন বাদী হয়ে ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন। তবে স্থানীয়দের দাবি, অভিযুক্তদের বেশিরভাগই ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন না।
এমনকি মামলার বাদী রিয়াদ হোসেন নিজেকে ‘ছাত্র সমন্বয়ক’ পরিচয় দিয়ে মামলা করতে সংশ্লিষ্টদের চাপ দিয়েছে বলেও অভিযোগ ওঠেছে। শিক্ষার্থীরা এই মামলা দ্রুত প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, একজন সংগ্রামী শিক্ষককে হয়রানিমূলক মামলায় জড়িয়ে ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভুল বার্তা দেওয়া হচ্ছে। তারা ফারুক আল মাহমুদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com